# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালে দুর্বৃত্তরা কালি মেখে দিয়েছে। কালিবাড়ি সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে স্থাপিত ম্যুরালে ১ জানুয়ারি রোববার রাতের কোন এক সময় অজ্ঞাত দৃর্বৃত্তরা এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ ২ জানুয়ারি সোমবার সকালে ঘটনা জানাজানি হবার পর জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন ও সদর থানার ওসি মোহাম্মদ দাউদ ঘটনাস্থল পরির্শন করেছেন। শ্রমিক লাগিয়ে ম্যুরাল দু’টি পরিস্কার করা হয়েছে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতা বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী শক্তি এ ধরনের জঘণ্য কাজ করেছে। দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তিনি আইন শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ জানিয়েছেন, আমরা একটি সাধারণ ডায়রি করেছি। এ বিষয়ে তদন্ত চলছে। আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে তিনি জনিয়েছেন।