# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে নরসুন্দা তীরের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে এবার ২০ বস্তা টাকা পাওয়া গেছে। শতাধিক মানুষের অংশগ্রহণে চলছে গণনার কাজ। প্রতি তিনমাস অন্তর ৮টি দানবাক্স খুলে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। গত ১ অক্টোবর পাওয়া গিয়েছিল ১৫ বস্তা টাকা। আজ ৭ ডিসেম্বর শনিবার সকালে দানবাক্স থেকে পাওয়া গেছে ২০ বস্তা টাকা। পদাধিকারবলে জেলা প্রশাসকরা থাকেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। ফলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর উপস্থিতিতে এসব দানবাক্স খুলে গণনা করা হচ্ছে। রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ উপস্থিত রয়েছেন। মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসার ছাত্র-শিক্ষক, মসজিদ কমিটির কর্মকর্তা এবং রূপালী ব্যাংকের স্টাফসহ শতাধিক মানুষ গণনার কাজ করছেন। মসজিদের ভেতর রূপালী ব্যাংকের দু’টি কাউন্টিং মেশিন স্থাপন করা হয়েছে। তাতে ব্যাংকের স্টাফগণ গণনা কাজে অংশ নিয়েছেন। রূপালী ব্যাংকে মসজিদের নামে হিসাব রয়েছে। তাতে এসব টাকা জমা করা হবে। তবে প্রতিবারই বাংলাদেশী মুদ্রার পাশাপাশি বিদেশী মুদ্রা এবং স্বর্ণ ও রূপার অলংকারও পাওয়া যায়। দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধর্মের মানুষজন মনের আশা পূরণের লক্ষ্যে এই মসজিদে দান করে থাকেন।