**গাজা’র বেত লাহিয়ায় ৭৩ নিহত**
গাজা’র অধিকৃত উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন, এদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। গাজা’র হামাস সরকার এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার রাত পর্যন্ত ইসরায়েল টানা বোমা হামলা চালায়। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং অনেকেই এখনো ধ্বংসাবশেষের নিচে আটকা পড়ে আছেন।
ইসরায়েল জানিয়েছে, তারা হতাহতের সংখ্যা অনুসন্ধান করছে। কিন্তু হামাস সরকারের দেওয়া পরিসংখ্যানকে তারা ‘অতিরঞ্জিত’ বলে মনে করছে। ইসরায়েলি সেনাবাহিনী এ সংখ্যার সঙ্গে তাদের রেকর্ডের মিল পাচ্ছে না বলে দাবি করেছে। এই হামলার কিছুক্ষণ আগে গাজার এক ইন্দোনেশিয় হাসপাতালে ইসরায়েলি সেনাদের ব্যাপক গুলি চালানোর খবর পাওয়া যায়।
গাজা’র স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বেত লাহিয়ায় যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম কার্যালয় বলেছে, হামলা চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকায়। গাজা’র বেসামরিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানও হামলায় ৭৩ জন নিহতের কথা জানিয়েছে। তবে বিবিসি স্বাধীনভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় একটি ঘনবসতি এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোতে হামলা করেছে। তারা বেসামরিক লোকদের ক্ষতি এড়াতে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করছে।
গত শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী ঘনবসতিপূর্ণ জাবালিয়া এলাকায় বোমা হামলা চালায়। এখানে একটি শরণার্থী শিবিরও রয়েছে। হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হন।
এদিকে, শনিবার লেবাননের রাজধানী বৈরুতে কমপক্ষে ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। হামলায় সেখানে কমপক্ষে একটি বহুতল ভবন সম্পূর্ণ ধসে গেছে। লেবাননের হেজবুল্লাহ সংগঠনও পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের দিকে রকেট ছুড়ছে।
**‘হত্যার চেষ্টাকারীদের বড় মূল্য দিতে হবে’: নেতানিয়াহু**
শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে হেজবুল্লাহ একটি ড্রোন হামলা চালায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেল আবিব শহরের উত্তরাঞ্চলীয় সিজারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহুর এই বাড়িতে লেবানন থেকে ছোড়া একটি ড্রোন আঘাত করে।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে এই সংঘাত চলছে। তখন থেকেই ইসরায়েল গাজায় ক্রমাগত বোমাবর্ষণ করছে। আর হামাসের পক্ষ নিয়ে লেবাননের হেজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছে। সেপ্টেম্বর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে ১,৪১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা হয়তো এর চেয়ে অনেক বেশি।
গাজা’র স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরে ইসরায়েলি হামলায় সেখানে ৪২,৫১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৯,৬৩৭ জন।
গত এক বছরের সংঘাতে গাজায় ১৪,১০০ শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মুখপাত্র জেমস এলডার বলেছেন, এক লাখ শিশুর জন্য গাজা এখন ‘পৃথিবীর এক জাহান্নাম’ হয়ে উঠেছে।
বাসভবনে হামলার পর নেতানিয়াহুর ভিডিও বার্তা