**ছাত্রশিবিরের ৫ নেতাকে গুমের অভিযোগ ট্রাইব্যুনালে**
পুলিশ, র্যাব ও ডিবির কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। আজ (সোমবার) দুপুরে অভিযোগ দায়ের করেন গুম হওয়া নেতাদের পরিবার।
২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে গুম হওয়া ইসলামী ছাত্রশিবিরের পাঁচ নেতা হলেন শাহ মো. ওয়ালীউল্লাহ, মো. মোকাদ্দেস আলী, হাফেজ জাকির হোসেন, মো. জয়নাল আবেদীন এবং রেজোয়ান হোসাইন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের আইন সম্পাদক আবদুল্লাহ আল নোমান, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ও সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আল জিহাদী আদিবের উপস্থিতিতে গুম হওয়া নেতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে বলা হয়, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে র্যাবের পোশাক পরা ব্যক্তিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়ালীউল্লাহ ও আল মোকাদ্দেসকে আশুলিয়ার নবীনগর থেকে গ্রেফতার করে।
২০১৩ সালের ২ এপ্রিল শ্যামলী রিং রোডের ১৯/৬ টিক্কাপাড়ার বাসা থেকে র্যাব হাফেজ জাকির হোসেনকে আটক করে।
২০১৭ সালের ১৮ জুন বান্দরবান সদরের লেমুঝিনি গর্জনিয়া মসজিদসংলগ্ন একটি কক্ষ থেকে র্যাব মো. জয়নাল আবেদীনকে গ্রেফতার করে।
২০১৬ সালের ৪ আগস্ট দুর্গাপুর বাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে রেজোয়ান হোসাইনকে গ্রেফতার করা হয়।
ছাত্রশিবিরের সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আল জিহাদী আদিব জানান, দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনও গুম হওয়া নেতাদের সন্ধান পাওয়া যায়নি। তাই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে পৃথক পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে।