**যুক্তরাষ্ট্র ইসরায়েলে থ্যাড ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা মোতায়েন করেছে**
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনী তাদের উন্নত ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা থ্যাড ইসরায়েলে প্রেরণ করেছে এবং এটি ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র থ্যাডের পাশাপাশি কিছু সামরিক সদস্যও ইসরায়েলে মোতায়েন করবে বলে জানা গেছে।
থ্যাড, বা টার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম, মার্কিন সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি ইসরায়েলের ইতিমধ্যেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
থ্যাডের পুরো নাম হল “টার্মিনাল হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স”। এতে অত্যাধুনিক রাডার রয়েছে। এটিতে এমন ক্ষেপণাস্ত্রও রয়েছে যা শত্রুদের ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারে। থ্যাড নিজের ১৫০ থেকে ২০০ কিলোমিটারের মধ্যে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে দ্রুত ধ্বংস করতে পারে। এর সফলতার হারও অনেক বেশি।
গত ১ অক্টোবর, ইরান ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার পর ইরানের বিরুদ্ধে পাল্টা আঘাতের পরিকল্পনা করছে ইসরায়েল। ঠিক এই সময়ে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে থ্যাড মোতায়েন করেছে। অন্যদিকে, ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে একটি চিঠি দিয়ে হুমকি দিয়েছে যে ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে।