ইস্রায়েলী আক্রমণে গাজায় ১৩, বৈরুতে শিশুসহ ৪ নিহত
ইস্রায়েল ফিলিস্তিনের গাজা এবং লেবাননের বৈরুতের উপর আক্রমণ চালিয়েছে। এই আক্রমণে গাজার একটি শরণার্থী শিবির হিসেবে ব্যবহৃত স্কুল এবং আশ্রয়কেন্দ্রে ১৩ জন এবং বৈরুতের একটি বৃহৎ সরকারি হাসপাতালে ৪ জন মারা গেছেন।
গাজার জাবালিয়া প্রস্তুতিমূলক স্কুলে ইস্রায়েলি সেনাবাহিনী “শেল” নিক্ষেপ করেছে। এই হামলায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে গাজার ওয়াফা নিউজ এজেন্সির রিপোর্টের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
এই স্কুলটি গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত। এক বছরেরও বেশি সময় ধরে ইস্রায়েলি বাহিনীর গাজায় চলা নির্বিচার হামলার কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নিয়েছিলেন।
গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন শহরের কেন্দ্রস্থলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আরেকটি আশ্রয়কেন্দ্রে ইস্রায়েলি সেনাবাহিনী বোমা হামলা চালিয়েছে। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, এই হামলায় তিনজন নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন।
ইস্রায়েলি বাহিনী ১৭ দিন আগে থেকে গাজার উত্তরাঞ্চলে হামলা জোরদার করেছে। এর পর থেকে ওই অঞ্চলে অন্তত ৬৪০ জন নিহত হওয়ার খবর দিয়েছে উপত্যকার চিকিৎসা-সংশ্লিষ্ট সূত্র আল-জাজিরাকে।
অপরদিকে, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হারিরি হাসপাতালের পাশে ইস্রায়েলি বাহিনীর হামলায় ৪ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ এফ পি এই খবর জানিয়েছে।
হারিরি হাসপাতাল লেবাননের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র। একটি বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইস্রায়েলি হামলায় হাসপাতালটির “উল্লেখযোগ্য” ক্ষতি হয়েছে। তবে হাসপাতালের কার্যক্রম চালু রয়েছে।