জাতীয় মুক্তি কাউন্সিলের দাবি: রাষ্ট্রপতি সাহাবউদ্দিন পদত্যাগ করুন
জাতীয় মুক্তি কাউন্সিল রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়েছে। তাদের দাবি, রাষ্ট্রপতি সাহাবউদ্দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে দুই ধরনের কথা বলেছেন।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন ওমর এবং সম্পাদক ফয়জুল হাকিমের পাঠানো বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্টের ছাত্র-জনতার উত্থানের সময় রাষ্ট্রপতি সাহাবউদ্দিন জাতির উদ্দেশে টেলিভিশন ও গণমাধ্যমে বক্তৃতায় বলেছিলেন, প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। কিন্তু সম্প্রতি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জানান, তিনি শুনেছেন; কিন্তু তার কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই।
রাষ্ট্রপতির এই দুই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে তার নৈতিক স্খলন ঘটেছে। তাই তিনি আর রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না।
বিবৃতিতে আরও বলা হয়, গণ-উত্থানের সময় বিদ্যমান আইন কার্যকর হয় না। এই সময়ে যেটা ঐতিহাসিক প্রয়োজন হিসাবে দেখা দেয়, সেটাই চলবে। ঐতিহাসিক প্রয়োজনীয়তা বিদ্যমান আইনকে অগ্রাহ্য করেই সামনে এগিয়ে যায়।
জাতীয় মুক্তি কাউন্সিল মনে করে, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে বেশি সময় নিলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার অগ্রাধিকার দিয়ে অবিলম্বে নির্বাচনের সময়কাল ঘোষণা করতে হবে।