অক্টোবর মাসের ২৩ দিনেই ডেঙ্গুতে শতাধিক মৃত্যু
ডেঙ্গুর মৃত্যুচ্ছায়া আরও ঘনীভূত হচ্ছে। এডিস মশা বাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে শুধুমাত্র চলতি মাসেই ডেঙ্গুতে মারা গেছেন ১০১ জন। গত সেপ্টেম্বরে মৃতের সংখ্যা ছিল ৮০ জন। সার্বিকভাবে চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছেন ২৬৪ জন।
এ তথ্য গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে জানা গেছে। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৭ জনের মধ্যে তিনজনই বরিশাল বিভাগের (সিটি কর্পোরেশন বাদে)। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এই সময় মারা গেছেন দুজন। আর খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ১৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই সময় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, ২৫২ জন। এরপর সবচেয়ে বেশি আক্রান্ত রোগী ১৯৯ জনের সাথে ঢাকা বিভাগেই (সিটি কর্পোরেশন বাদে)।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই থেকেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হন। আগস্টে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৬ হাজার ৫২১ জন। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত প্রায় তিনগুণ বেড়ে হয় ১৮ হাজার ৯৭ জন। চলতি মাসে ইতিমধ্যেই ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৫৮ জনে।
আক্রান্তের সাথে সাথে মৃত্যুও বাড়ছে। গত জুলাইয়ে ১২ জন ডেঙ্গুতে মারা যান। আগস্টে তা বেড়ে হয় ২৭ জন। সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ৮০ জন।
চলতি বছর এখন পর্যন্ত ৫৩ হাজার ১৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।