ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার তারবিয়া একাডেমির স্টুডিও থেকে মূল্যবান সরঞ্জাম চুরির ঘটনায় এক চোরচক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাজধানীর পান্থপথের বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ নোমান (২০), মোবারক আলী (২৪) ও রাজ সোহেল (৩৭)।
বুধবার বিকেলে সিআইডি-র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ অক্টোবর সকাল ৬টা থেকে ৭টার মধ্যে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার তারবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ জিহাদুল ইসলামের অফিস স্টুডিও থেকে একটি ভিডিও ক্যামেরা, একটি জুম লেন্স এবং একটি গ্রাফিক্স ট্যাবলেট সহ ৫ লাখ ৮৭ হাজার টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় তারবিয়া একাডেমির প্রধান নির্বাহী সৈয়দ নুরুল ইসলাম মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি ঢাকা মেট্রোর দক্ষিণ বিভাগ। সিআইডি প্রযুক্তি ব্যবহার করে চোরচক্রের অবস্থান শনাক্ত করে এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে তিনজন চোরকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে একটি ভিডিও ক্যামেরা, একটি জুম লেন্স, গ্রাফিক্স ট্যাবলেট এবং বিভিন্ন মোবাইল ফোন সেট রয়েছে।
সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছে। চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে।