ঢাকা আজ দূষিত বাতাসে তৃতীয়
ঢাকার বায়ুদূষণ কমছে না। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১০০টি শহরের মধ্যে বায়ুদূষণে রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। এ সময় আইকিউএয়ারের বাতাসের মান সূচকে ঢাকার স্কোর ছিল ১৮০। এ অবস্থা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। গতকাল প্রায় একই সময়ে ঢাকার স্কোর ছিল ১৫৯।
সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ার নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচকটি একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে ছিল পাকিস্তানের লাহোর। এই শহরের স্কোর ছিল ৩৬৭। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ছিল ২৪১।
আইকিউএয়ারের মানদণ্ড অনুসারে, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছে বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী মহিলা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০০ থেকে ৩০০ হলে তাকে খুবই অস্বাস্থ্যকর বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।
ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। যেকোনো মানুষের জন্যই এই বায়ু ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিনটি এলাকার দূষণ পরিস্থিতি তুলনামূলক বেশি খারাপ, সেগুলো হলো গুলশান ২-এর রব ভবন, সাভারের হেমায়েতপুর এলাকা এবং রাজধানীর মহাখালীর আইসিডিডিআরবি এলাকা।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ১৯ শতাংশ বেশি।
এই পরিস্থিতিতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যয়াম যতটা সম্ভব এড়াতে হবে এবং ঘরের জানালা বন্ধ রাখতে হবে।