ইরানে ‘সন্ত্রাসে’ দোষী ইরানি-জার্মান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
‘সন্ত্রাসী হামলা’ চালানোর দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দ্বৈত ইরানি-জার্মান নাগরিক জামশিদ শারমাহদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর সোমবার নিশ্চিত করেছে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম।
যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি থাকা জামশিদকে গত ২০২৩ সালে দুনিয়ায় দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানের ইসলামী আইনে এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
ইরান সরকার জামশিদকে রাজতন্ত্রপন্থী একটি গোষ্ঠীর নেতৃত্ব দেয়ার অভিযোগে ইরানে ২০০৮ সালের একটি মারাত্মক বোমা হামলা ও অন্যান্য হামলার পরিকল্পনার জন্য দায়ী করে।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন, জামশিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচারে সঠিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকও এই মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছেন এবং ইরানের ‘অমানবিক শাসনের’ কঠোর সমালোচনা করেছেন।
ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয় ২০২০ সালে এক বিবৃতিতে জানিয়েছিল যে, সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান হিসেবে জামশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অভিযুক্ত করা হয় যে, তিনি যুক্তরাষ্ট্র থেকে ইরানে সশস্ত্র ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার নির্দেশ দিয়েছেন।
জার্মানির বিরোধী ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক দলের (সিডিইউ) নেতা ফ্রিডরিশ ম্যারৎস বলেন, জার্মান নাগরিক জামশিদের মৃত্যুদণ্ড একটি জঘন্য অপরাধ এবং জার্মান সরকারকে এই ঘটনায় সুস্পষ্ট ব্যবস্থা নেয়া উচিত।