প্রিয়ন্তীর হবে বড় পর্দার বিয়ে
আজ থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে চরকি প্রযোজিত ‘৩৬–২৪–৩৬’ সিনেমা। প্রিয়ন্তীর ডেস্টিনেশন ওয়েডিং-এর ইচ্ছাপূরণ হবে কি না সেটাই জানা যাবে বড় পর্দায়। বিয়ের সবকিছু দেখা যাবে সিনেমায়, সঙ্গে থাকবে আরও নানা ঘটনা।
দেশের সবাই পেতে পারেন বিয়ের আনন্দ। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখে দর্শকরা অনুভব করতে পারবেন বিয়ের আনন্দ। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটরিয়াম, লায়ন সিনেমায় দেখা যাবে সিনেমাটি। উত্তরার দর্শকরা দিয়াবাড়ির মিউজিক মুভি থিয়েটারে সিনেমাটি উপভোগ করতে পারবেন। নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারসহ রাজশাহী, বগুড়া, খুলনা, দিনাজপুর, সৈয়দপুর, সান্তাহার, কুষ্টিয়া এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে।
রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘৩৬–২৪–৩৬’। বর তাহসির (সৈয়দ জামান শাওন) আর কনে প্রিয়ন্তী (প্রার্থনা ফারদীন দীঘি)র বিয়ের ঘিরে ঘটে যাওয়া ঘটনা নিয়েই সিনেমা। সিনেমাটি তার আগের কাজগুলোর মতো নয় বলে জানিয়েছেন দীঘি। তিনি বলেন, ‘দর্শক খুব মজা পাবে। বেশ বড় আয়োজনে সিনেমাটি নির্মিত হয়েছে। সবাইকে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ।’
তাহসির-এর চরিত্রে অভিনয় করা সৈয়দ জামান শাওন বলেন, ‘প্রেম, মজার ঘটনা, কিছু সমস্যা নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি। দর্শক এটি দেখলে খুবই মজা পাবেন।’
সিনেমার আরেকটি প্রধান চরিত্রে কারিনা কায়সার। তিনি একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে কারিনা কায়সারের। তিনি বলেন, ‘গতানুগতিক গল্পের বাইরে এসে কাজটি করার চেষ্টা করেছি। সবার ভালো লাগবে বলে আশা করছি। অনেকের মতো আমিও সেই ভালো লাগার কথা শোনার অপেক্ষা করছি।’
রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনা এবং রেজাউর রহমানের পরিচালনায় ছবিটিতে আরও আছেন গোলাম কিবরিয়া তানভীর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন প্রমুখ। সিনেমাটি ইউ (ইউনিভার্সাল) সার্টিফিকেট পেয়েছে, তাই সব বয়সী দর্শকই সিনেমাটি দেখতে পারবেন।
বড় পর্দায় রেজাউর রহমানের এটি প্রথম কাজ। এর আগে চরকির জন্য বানানো তার অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ বেশ আলোচিত হয়েছিল। রেজাউর রহমান বলেন, ‘প্রেক্ষাগৃহে রম–কম জনরার সিনেমা অনেক দিন ধরে হয় না। মজার সিনেমা তো সবাই দেখতে চায়। আমার ধারণা, "৩৬–২৪–৩৬" দর্শকদের সেই চাহিদা মেটাতে পারবে।’
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এর প্রিমিয়ার শো। উপস্থিত ছিলেন সিনেমার সংশ্লিষ্টরা, অভিনয়শিল্পী, নির্মাতা, কলাকুশলীরা।
চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব দর্শকের কথা ভাবে। তাই শুধু প্ল্যাটফর্মে নয়, প্রেক্ষাগৃহেও সিনেমা মুক্তি দিতে চেয়েছি। ভবিষ্যতেও চরকি থেকে সিনেমা মুক্তি পাবে।’
শিল্পীরাও নিজেদের অনুভূতি জানান। ছবিটি দেখতে এসেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সৈয়দ আহমেদ শাওকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শাহনাজ খুশি, সুষমা সরকার, টয়া, অভিনেতা এফ এস নাঈম, সৌম্য, দিব্যসহ অনেকে।
মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের পঞ্চম সিনেমা ‘৩৬-২৪-৩৬’। এ প্রজেক্টের আওতায় এর আগে নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ‘ফরগেট মি নট’। সিনেমাটির নির্বাহী প্রযোজনা করেছে ছবিয়াল।