**রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহনের সময় গ্রেপ্তার হয়েছেন দুই ছাত্রলীগ নেতা**
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের নিজ নিজ বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরীক্ষায় অংশগ্রহণ করতে আসার পর সেখানকার শিক্ষার্থীরা তাদের সাথে পরীক্ষায় বসতে অস্বীকার করে। শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নগরীর মতিহার থানায় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারকৃত দুই নেতা হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র এবং রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলফি শাহরিন আরিয়ানা এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০১৮-১৯ সেশনের ছাত্র এবং আইবিএ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত রায়হান।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা সৈকত রায়হান শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। আর ছাত্রলীগ নেত্রী আলফি শাহরিন আরিয়ানা আন্দোলনকারী ছাত্রীদের তালিকা তৈরি করে শাখা ছাত্রলীগের শীর্ষ নেতাদের কাছে পাঠিয়ে তাদেরকে নানাভাবে হুমকি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল ছাত্রলীগের ওই দুই নেতা পরীক্ষায় অংশগ্রহণ করতে এলে বিভাগের শিক্ষার্থীরা তাদের সাথে পরীক্ষায় বসতে অস্বীকৃতি জানায়। এই বিষয়ে কোনো ‘মব জাস্টিস’ যাতে না ঘটে সেজন্যই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা আছে। সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে ছাত্রলীগের এক নেতা এবং এক নেত্রীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আজ দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।