• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |

রংপুরে লীগ নেতার হত্যার মামলা প্রত্যাহারের দাবি সমন্বয়কদের

রংপুরে হত্যা মামলা প্রত্যাহারের দাবি

রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারাধন রায় নিহত হওয়ার ঘটনায় তার স্ত্রী দ্বারা দায়ের করা হত্যা মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। শনিবার রাত নয়টার দিকে মহানগর কোতোয়ালি থানার সামনে এ দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও কর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার বলেন, ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি চালান কাউন্সিলর হারাধন রায়। পরে ছাত্র-জনতার ধাওয়ায় তিনি নিহত হন। পুলিশ ছাত্র-জনতার ওপর হামলাকারী সেসব অস্ত্রধারীদের গ্রেপ্তার না করে, তাদের দায়ের করা মামলা গ্রহণ করছে। তিনি আরও বলেন, হারাধন রায় পিটুনিতে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার করা উচিত।

গত ৪ আগস্ট রংপুর নগরে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। ওই সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায় পিটুনিতে নিহত হন। এ ঘটনায় ২ অক্টোবর নিহত হারাধন রায়ের স্ত্রী কণিকা রায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় কারও নাম উল্লেখ না হলেও অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও কর্মীরা গতকাল রাতে মামলা প্রত্যাহারের দাবি জানানোর পর রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী বলেন, এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *