• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন |

ভারতেরও সোনার দামে রেকর্ড, বেচাকেনায় মন্দা

**ভারতে সোনার দাম আকাশছোঁয়া, কেনাবেচায় মন্দা**

উৎসবের ভরা মরশুমেও ভারতে সোনার কেনাবেচায় ভাটা পড়েছে। দেশটিতে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ডে পৌঁছেছে, যার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স) সহ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ভারতে ৮০ হাজার রুপি ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, দীপাবলির আগেই জিএসটি ছাড়াই সোনার দাম এই দাগ ছুঁয়ে ফেলবে। জিএসটি ছাড়া বর্তমানে সোনার দাম ৭৭ হাজার ৮৫০ রুপি; ভারতীয় বাজারে এটি এখন পর্যন্ত ২৪ ক্যারাট সোনার সর্বোচ্চ দাম। কর সহ দাম দাঁড়িয়েছে ৮০ হাজার ১৮৫ রুপি। ফলে হলমার্ক সোনার অলংকারের দামও প্রথমবারের মতো ৭৪ হাজার রুপির মাইলস্টোন স্পর্শ করেছে। কর সহ দাম ৭৬ হাজার ২২০ রুপি। এতটা দাম বাড়ার কারণে স্বভাবতই চাহিদা কমে গেছে। [সূত্র: ইকোনমিক টাইমস]

ভারতের ব্যবসায়-বাণিজ্যের জন্য দীপাবলির মরশুম হচ্ছে সবচেয়ে লাভজনক। ভারতে এই সময়ে সবচেয়ে বেশি কেনাবেচা হয়। ভারতীয়রা এই সময় সোনা কেনাকে শুভ বলে বিবেচনা করেন। তবে রেকর্ড দামের কারণে এই মরশুমেও ভারতে সোনার চাহিদা কমেছে। দেশটির সোনা ব্যবসায়ীরা চলতি সপ্তাহে ছাড় দেওয়ার জন্য বাধ্য হয়েছেন।

ভারতীয় ব্যবসায়ীরা অভ্যন্তরীণ আনুষ্ঠানিক দামের উপর আউন্স প্রতি ৮ ডলার পর্যন্ত ছাড় দিয়েছেন। এর মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক এবং ৩ শতাংশ বিক্রয় শুল্ক অন্তর্ভুক্ত রয়েছে।

অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলার্স ডমেস্টিক কাউন্সিলের পরিচালক সমর দে দাম নিয়ে হতাশা প্রকাশ করেছেন। ইকোনমিক টাইমসকে তিনি বলেন, দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তবে মানুষ এখন আস্তে আস্তে এটি মেনে নিচ্ছেন বলে উৎসবের বাজারে কিছুটা কেনাবেচা হচ্ছে। তার দাবি, অনেক ক্রেতা আশঙ্কা করছেন যে, সোনার দাম আরও বাড়বে। তাই যাদের সোনা না কেনার উপায় নেই, তারা বেশি দামেও কিনছেন।

ভারতে নয়, পুরো বিশ্বেই সোনার দাম বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, সোনার দাম বাড়ার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ একটি প্রধান কারণ। ভোট শেষ হওয়া এবং যুদ্ধের পরিস্থিতি না বদলানো পর্যন্ত সোনার দাম বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে মানুষ সাধারণত নিরাপদ বিনিয়োগের মাধ্যম খোঁজেন। এর ফলে বিশ্ববাজারে দাম বাড়ছে।

বিশ্ববাজারেও সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। গত শুক্রবারে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০০ ডলার ছাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়েছে। তার প্রতিক্রিয়ায় সোনার দাম ফের একবার বেড়েছে।

এদিকে বাংলাদেশের বাজারেও সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২২ ক্যারাটের হলমার্কযুক্ত এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা। এটিই দেশের ইতিহাসে সোনার এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *