**প্যারিসে আয়োজিত সেমিনারে বাংলাদেশী ছাত্র-জনতা অভ্যুত্থান আলোচিত**
গত শনিবার ফ্রান্সের প্যারিসে সাউথ এশিয়ান প্ল্যাটফর্ম-ভাষা এবং সিংগারের সহযোগিতায় ‘ছাত্র-জনতা অভ্যুত্থান ২০২৪: বাংলাদেশী ডায়াস্পোরার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
আবদুল্লাহ আল মেহদীর সঞ্চালনায় অনুষ্ঠানে আবু জুবায়েরের তৈরি প্রামাণ্যচিত্র ‘লাল জুলাই ২০২৪’ এর অংশবিশেষ প্রদর্শন করা হয়। এরপর, লুবনা ইয়াসমিন দেশাত্মবোধক গান গেয়ে শহীদদের স্মরণ করেন এবং তাঁদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন কমিটি ফ্রঁসেজ দ্য সুতিয়েন আ জিকের সভাপতি জে-পিয়ের বেকু, কাজী আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ বোরহান, আরিফ হাসান রুমু, বীর মুক্তিযোদ্ধা নুরুল হোসেন চৌধুরী, সাংবাদিক শাবুল আহমেদ, প্যারিসের জানালার সেক্রেটারি ফারজানা আকতার, এবং খালেদুর রহমান সাগর প্রমুখ।
বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া ছাত্র-জনতা অভ্যুত্থানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বিশ্লেষণ করেন যে এই আন্দোলনটি দেশের রাজনৈতিক বাস্তবতাকে কীভাবে পরিবর্তন করছে।
তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেন। বক্তারা বলেন, “২০২৪ সালের ছাত্র-জনতা অভ্যুত্থানকে সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং জনগণের অধিকার হরণের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিরোধ হিসেবে দেখা দরকার। এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তাদের বিভিন্ন দাবির প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
অনুষ্ঠানে, প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতকরণ, দূতাবাসের সেবা উন্নয়ন এবং তাদের অর্থনৈতিক অবদানকে সুরক্ষিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।