• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন |

বিশ্ববাজারে সপ্তাহের শুরুতেই বাড়লো তেলের দাম

সপ্তাহের শুরুতে বেড়েছে বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে আজ সোমবার নতুন সপ্তাহের প্রথম দিনে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। কিছুদিন ধরে দাম বাড়ার পর গত সপ্তাহে তেলের দাম ৭ শতাংশ কমেছিল। চীনের চাহিদা ও মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায় গত সপ্তাহে তেলের দাম কমেছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ০.১১ শতাংশ বা ৮ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৩ দশমিক ১৪ ডলারে উঠেছে। এর সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড (ডব্লিউটিআই ক্রুড) এর দাম ব্যারেলপ্রতি ০.১৪ শতাংশ বা ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৩২ ডলারে উঠেছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল।

গত ৯ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহের পর এটি কোনো সপ্তাহে জ্বালানি তেলের সর্বাধিক পতন। মূলত চীনের প্রবৃদ্ধির হার কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি কমে আসায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান ও ইসরায়েল দ্বন্দ্ব আপাতত নিরসনের সম্ভাবনা আছে।

সপ্তাহান্তে কিছুটা উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার ইসরায়েল জানিয়েছে, লেবাননের রাজধানী বৈরুতের কিছু এলাকায় হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেখান থেকে হিজবুল্লাহর আর্থিক কার্যক্রম পরিচালিত হয়।

এদিকে, আজ সকালে চীন অর্থনৈতিক প্রণোদনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সুদহার কমিয়েছে। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির হার গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম ছিল।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে গত এক মাসে তেলের দাম অনেকটা বেড়েছে। ৭ অক্টোবর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৩ ডলারে উঠে গিয়েছিল, যা গত এক মাসের সর্বোচ্চ দর। এই সময়ে তেলের সর্বনিম্ন দর ছিল গত ২৬ সেপ্টেম্বর, সেদিন ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭১ দশমিক ০৯ ডলার।

অন্যদিকে, ডব্লিউটিআই ক্রুডের দাম গত এক মাসের সর্বোচ্চ পর্যায়ে ছিল ৭ অক্টোবর, সেদিন দাম ছিল ব্যারেলপ্রতি ৭৭ দশমিক ১৪ ডলার। সর্বনিম্ন দাম ছিল গত ২৬ সেপ্টেম্বর, ৬৭ দশমিক ৬৭ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *