পিএসসির দ্রুত বিশ্বাস ফিরিয়ে আনার আহ্বান চেয়ারম্যানের
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এবং কমিশন সদস্যদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার পিএসসি সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতে সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর চেয়ারম্যান ও সদস্যরা পিএসসিকে নিয়ে কর্ম পরিকল্পনা তুলে ধরেন।
পিএসসির চেয়ারম্যান কর্ম কমিশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা চেয়ে বলেন, বর্তমানে পিএসসি যে সংকটের মধ্যে রয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। তিনি আরও বলেন, পিএসসির ভাবমূর্তি ফিরিয়ে আনতে সবার অবশ্যই সততার সঙ্গে কাজ করতে হবে।
সভায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব স্বাগত বক্তব্য রাখেন। পিএসসির যুগ্ম সচিব, পরিচালকসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।