**মিরপুরের উইকেট দেখে চমকে গেলেন রাবাদা**
বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে তিন স্পিনার এবং এক পেসার নিয়ে মাঠে নেমেছে। এই একাদশ দেখে বোঝা যাচ্ছিল যে, বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট মিরপুরের উইকেটকে স্পিন স্বর্গ হিসেবে ধরে নিয়েছে। কিন্তু প্রথম দিনের খেলা শেষে মিরপুরের উইকেটকে শুধুমাত্র স্পিন স্বর্গ বলা ঠিক হবে না।
কাগিসো রাবাদা, উইয়ান মুল্ডার এবং পরে হাসান মাহমুদের সিম মুভমেন্ট প্রমাণ করে যে, মিরপুরের উইকেটে স্পিনারদের পাশাপাশি পেসারদেরও সহায়তা করছে। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এতে বেশ অবাক হয়েছেন। বাংলাদেশে এসে উইকেট থেকে এতটা সিম মুভমেন্ট পাওয়ার কথা তিনি ভাবেননি।
টেস্ট ক্যারিয়ারে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। আজকের খেলার শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘উইকেটের আচরণ দেখে আমরা খুবই অবাক হয়েছি। আমরা ভেবেছিলাম বল টার্ন করবে, সিম মুভমেন্ট থাকবে না। কিন্তু নতুন বলে যথেষ্ট মুভমেন্ট ছিল। খুব বেশি সুইং না হলেও, তবু সিম মুভমেন্ট ছিল।’
এই উইকেটে স্পিনাররা যেভাবে টার্ন পাচ্ছেন, তেমনই সিমাররাও মুভমেন্ট পাচ্ছেন। আমরা যা দেখে বেশ অবাকই হয়েছি।
দক্ষিণ আফ্রিকা দল মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের নেটেও এমনই উইকেটে অনুশীলন করেছে। ফলে দক্ষিণ আফ্রিকার জন্য কাজটি কিছুটা সহজ হয়ে গেছে বলে মনে হবে রাবাদার কথা শুনে। তিনি বলেছেন, ‘নেটেও আমরা একই ধরনের উইকেট পেয়েছি। এই উইকেটে স্পিনাররা যেভাবে টার্ন পাচ্ছেন, তেমনই সিমাররাও মুভমেন্ট পাচ্ছেন। আমরা যা দেখে বেশ অবাকই হয়েছি।’
রাবাদা তার ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়ার বিষয়েও কথা বলেছেন। ‘আমি আজ সকালে যখন মাঠে আসি, তখন সেই একটা উইকেটের জন্য চিন্তা করছিলাম না। টস হেরে প্রথমে বোলিং করতে নামার পরে, আমার মনোযোগ ছিল কীভাবে এই টেস্ট জেতা যায়, তার ওপর। এরপর যা হলো তা স্বস্তির। সবাই এমন মাইলফলকের জন্যই খেলে। আমার জন্য এটি একটি স্বস্তি।’
নিজেদের সতীর্থদেরও ধন্যবাদ দিয়েছেন রাবাদা। তিনি বলেছেন, ‘আমাদের সতীর্থরা আমাকে সমর্থন দিয়েছে, আমরা সবাই একে অপরকে সমর্থন করে যাচ্ছি। সব মিলিয়ে খুব ভালো লাগলো। এটি ছিল একটি বিশেষ মুহূর্ত।’
মুশফিকের স্টাম্প উড়িয়ে রাবাদা বিশ্ব রেকর্ডও গড়েছেন। তিনি পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনিসকে ছাড়িয়ে টেস্টে বলের হিসাবে দ্রুততম ৩০০ উইকেট শিকারী বোলার হয়েছেন। তবে রাবাদা এই রেকর্ডের বিষয়ে কিছু জানতেন না। তিনি বলেছেন, ‘আমি এই রেকর্ডের ব্যাপারে জানতাম না। তবে হ্যাঁ, এখন মনে হচ্ছে এই রেকর্ডটি আমাকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে।’