• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |

ইউনভার্সেল হাসপাতালে লিভার সিরোসিস বৈজ্ঞানিক সেমিনার

বাংলাদেশের প্রত্যেক তিন জনের মধ্যে একজনের ফ্যাটি লিভার রয়েছে। প্রায় সাড়ে চার কোটি মানুষ এই রোগে আক্রান্ত এবং এর মধ্যে প্রায় এক কোটি মানুষ সিরোসিস বা লিভার ক্যানসারের ঝুঁকিতে রয়েছে। লিভারে চর্বি জমা হলে হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ফাইব্রোস্ক্যান নামক যন্ত্র ব্যবহার করে নির্ণয় করা যায় লিভারে কতটা চর্বি জমা হয়েছে। প্রাথমিক অবস্থায় যদি হেপাটাইটিসের চিকিৎসা না করা হয়, তাহলে শেষ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি লিভার সিরোসিসে আক্রান্ত হতে পারে। লিভার সিরোসিস হলে লিভার ক্যানসার হতে পারে এবং এতে মৃত্যু ঘটতে পারে।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং কেএনএস কানাডা ইনক (বিডি)র সহযোগিতায় সোমবার (২১ অক্টোবর) মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে ‘ফাইব্রোস্ক্যান-দ্য ফার্স্ট অ্যান্ড অনলি কমপ্লিট প্ল্যাটফর্ম ফর দ্য ডায়াগনসিস অব দ্য কনসিকোয়েন্স অব ক্রনিক লিভার ডিজিজেস’ শীর্ষক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এই তথ্যগুলো উপস্থাপন করেন। সেমিনারটি সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ ওয়াহিদুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী। তিনি বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি বেসরকারি হাসপাতাল হলেও সামাজিক দায়বদ্ধতা এটির অন্যতম বৈশিষ্ট্য। তাই লিভার সিরোসিসের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ লিভার সম্পর্কে আরও সচেতন হতে পারবেন।

সেমিনারে লিভার সম্পর্কিত বিজ্ঞানসম্মত তথ্য উপস্থাপন করেন হাসপাতালের হেপাটোলজি ও গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আশিক আহমেদ ভূঁঞা, শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিপাকতন্ত্র ও লিভার রোগ বিশেষজ্ঞ রাজীব দত্ত এবং কেএনএস কানাডা ইনকের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শহীদ এইচ খন্দকার। কেএনএস কানাডা ইনক (বিডি)র পরিচালক তাসরিনা রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

অতিথিদের মধ্যে হাসপাতালের পরিচালক (মেডিক্যাল সার্ভিসেস) অধ্যাপক এ কে মাহবুবুল হক, কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ফাজলুল করিম, হাসপাতালের উপপরিচালক কাজী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও নিউরোলজিস্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম সাঈদ হোসাইন, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মো. আব্দুল মান্নান, গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, চেস্ট মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক ডাঃ মো. জাকির হোসেন সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক অমল কুমার চৌধুরী, লিভারসহ পেশাদার এবং ইন্টার্নসহ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবামা নওশিন হাওলাদার ও নাসিম মাহমুদ রাফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *