ডেভিড ওয়ার্নারের অবসরের আট মাস হল। অস্ট্রেলিয়া এখনও ওপেনিংয়ে উদ্যমান খাজার জন্য একজন স্থায়ী পার্টনার খুঁজছে। দলের তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এই সময়ে ওপেনার হিসেবে নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন। তিনি ভারত সিরিজে তার পুরানো অবস্থানে ফিরছেন, চার নম্বরে।
তাহলে ভারত সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে কে ওপেন করবে? অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার ব্রেট লি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি অলরাউন্ডার মিচেল মার্শকে ওপেন করতে চান। আক্রমণাত্মক মার্শকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে এসে তার ডাকনাম অনুযায়ী ‘বাইসনবল’ শুরু করা যেতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক এই পেসার।
ফক্স স্পোর্টসে ইংল্যান্ডের বাজবল নিয়ে কথা বলতে গিয়ে লি বলেছেন, ‘আরেকটি অদ্ভুত বিকল্প থাকতে পারে…আমরা বাজবল শুনেছি, তাহলে বাইসনবল কেন নয়? মিচেল মার্শকে উপরে তুলে এনে ক্রিজে তার ক্ষুরধার আক্রমণের সুযোগ দিলে কেমন হয়? কারণ, যদি অস্ট্রেলিয়া একটি টেস্টের জন্য বড় কিছু করতে চায়, তাহলে পাঁচটি টেস্টের মধ্যে অন্তত একটিতে মিচেল মার্শকে উপরে তোলা সিরিজের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। এটি একটি বিকল্প।’
ব্রেট লি অন্য একটি বিকল্পের কথাও বলেছেন, ‘তারা ডেভিড ওয়ার্নারের মতো অতি-আক্রমণাত্মক কৌশল অবলম্বন করতে পারে। মিচেল মার্শকে তুলুন অথবা তরুণ স্যাম কনস্টেবলকে খেলান, যাকে আমি একজন দুর্দান্ত প্রতিভা মনে করি।’ ১৯ বছর বয়সী কনস্টেবল এখনও জাতীয় দলে অভিষেক করেননি। তিনি প্রথম শ্রেণীর মাত্র ৫টি ম্যাচ খেলেছেন। তার ৫ ম্যাচের ক্যারিয়ারে দুটি সেঞ্চুরি এবং একটি ফিফটি রয়েছে।
২০১৯ সালে দল থেকে বাদ পড়ার পর মার্শ গত বছরের জুলাইয়ে টেস্ট দলে ফিরেছেন। তিনি মিডল অর্ডারে দারুণ পারফর্ম করে জায়গাও পাকাপোক্ত করেছেন। এই অলরাউন্ডার গত বছরই জানিয়েছিলেন যে তিনি মিডল অর্ডার ছেড়ে যেতে রাজি নন, ‘আমার ওপরে খেলার বিষয়ে যে কথা হচ্ছে, আমি এটিকে ইতিবাচক দিক থেকে দেখি। ডেভি চলে যাওয়ার পর আমাদের আসলে একজনের দরকার। দলে ফিরে আসার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, আমার জন্য ওপেনিংয়ের চ্যালেঞ্জ নেওয়ার কোনো অর্থ নেই। আমি ৬নম্বরে ব্যাটিং করতে উপভোগ করি। গত চারটি টেস্ট ম্যাচে আমি আমার পথ খুঁজে পেয়েছি, নিজেকে একজন টেস্ট ক্রিকেটার হিসেবে চিনেছি, যা আমার খুবই ভালো লেগেছে। আমি তা পরিবর্তন করতে অনিচ্ছুক।’
গত সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করেছেন যে স্মিথ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবার মিডল অর্ডারে ফিরবেন। ওপেনিংয়ে মোট ৮ ইনিংসে মাত্র ২৮.৫০ গড়ে ১৭১ রান করেছেন স্মিথ। তিনি কেন আবার মিডল অর্ডারে ফিরছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন।
এই সুযোগে পুরানো ওপেনাররা আবার অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিং ফিরে আসছেন। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডনাল্ড জানিয়েছেন, ওপেনার মার্কাস হ্যারিস, ক্যামেরন ব্যানক্রফট, ম্যাট রেনশ, কনস্টেবলের সবাইকে বিবেচনা করা হচ্ছে।