বছরে চারটি অধিনায়ক পাওয়ার দিকে ইংল্যান্ড, তবে এই অধিনায়কত্বের রেকর্ডটা বাংলাদেশেরই
বেন স্টোকস, জস বাটলার, ওলি পোপ, ফিল সল্ট, হ্যারি ব্রুক…।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড দলের অধিনায়কদের নাম। এই তালিকায় এবার যুক্ত হচ্ছে লিয়াম লিভিংস্টোনও। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজটা ইংল্যান্ড খেলবে এই অলরাউন্ডারের নেতৃত্বেই। সাদা বলের প্রধান অধিনায়ক জস বাটলার পায়ের পেশির চোট থেকে এখনো সম্পূর্ণ সেরে না ওঠায় লিভিংস্টোনকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে ইসিবি নভেম্বরের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে রেখেছে বাটলারকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে ৩১ অক্টোবর।
এক বছরে কোনো দলের ছয় অধিনায়ক! এমন কিছু কি আগে দেখেছে আন্তর্জাতিক ক্রিকেট?
ইংল্যান্ডই দেখেছে। ২০১১ সালে এই দলটির মোট ৪৫টি ম্যাচের অধিনায়ক ছিলেন ছয়জন। ইংল্যান্ডের এই রেকর্ডই সর্বোচ্চ। এক পঞ্জিকাবর্ষে ৬ অধিনায়কের নেতৃত্বে ম্যাচ খেলার আরো তিনটি উদাহরণ আছে। ২০০১ সালে জিম্বাবুয়ে, ২০২১ সালে অস্ট্রেলিয়া এবং ২০২৩ সালে ভারত খেলেছে ৬ জন অধিনায়কের নেতৃত্বে।
তবে এটা বিশ্বরেকর্ড নয়। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ সাত জন অধিনায়কের নেতৃত্বে ম্যাচ খেলার উদাহরণও আছে। আর এই রেকর্ডটি আরও দুটি দলের সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশও।
২০২২ সালে বাংলাদেশ সাত জন অধিনায়কের নেতৃত্বে খেলেছে। মুমিনুল হক, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন ও লিটন দাস—যে সাতজন সারা বছর বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন।
তাদের মধ্যে টেস্টে অধিনায়ক ছিলেন শুধুমাত্র মুমিনুল, ওয়ানডেতে তামিম ও লিটন, আর টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ, নুরুল ও মোসাদ্দেক। টেস্ট ও টি-টোয়েন্টিতে টস করেছেন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে প্রধান অধিনায়ক নুরুল হাসান আঙুলের চোটে দল থেকে ছিটকে যাওয়ার পর শেষ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মোসাদ্দেক। আন্তর্জাতিক ক্রিকেটে ওটা ছিল মোসাদ্দেকের একমাত্র অধিনায়কত্ব।
একই বছর ভারতও সাতজন অধিনায়কের নেতৃত্বে খেলেছে। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি ২০২২ সালে ভারত খেলেছে যশপ্রীত বুমরা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ট এবং লোকেশ রাহুলের নেতৃত্বে। সেই বছর খেলা সাতটি টেস্ট ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন চারজন।
বাংলাদেশ ও ভারত শ্রীলঙ্কার রেকর্ড ছুঁয়েছে। ২০১৭ সালে সাতজন অধিনায়কের নেতৃত্বে খেলেছে লঙ্কারা। সেই বছর শ্রীলঙ্কা খেলেছে দিনেশ চান্ডিমাল, রঙ্গনা হেরাথ, চামারা কাপুগেদারা, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা ও উপুল থারাঙ্গার নেতৃত্বে।