• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন |

ফ্রিজ রাখুন পরিপাটি, সুন্দর

ফ্রিজ সাজানোর সহজ কৌশল

আমরা সবাই এখন ঘরের সাজ নিয়ে সচেতন। খাবার ঘরে ফ্রিজটি কোন দিকে রাখলে ঘরটা সুন্দর দেখাবে — এ বিষয়ে অনেক গবেষণা হয়েছে। এখন শুধু খাবার ঘরে ফ্রিজের অবস্থান নয়, ফ্রিজটিকে কীভাবে সাজানো হবে — এ নিয়েও পরীক্ষা চলে। শুধু বাইরের দিকেই নয়, ফ্রিজের ভেতরেও — যেমন কোন পাত্রে খাবার রাখা হবে বা কোন বাক্সে শাকসবজি সাজানো হবে — তা নিয়ে অনলাইনে অনেক সুন্দর ছবি ও ভিডিও দেখা যায়। এসব দেখেই বোঝা যায় যে ফ্রিজে খাবার বা শাকসবজি রাখারও নানা কায়দাকানুন আছে।

স্মার্ট ফ্রিজ থাকলে তো কথাই নেই, পুরোনো ফ্রিজেও অনেকে এখন ওয়ালপেপার বা স্টিকার ব্যবহার করেন। ওয়ালপেপার বা স্টিকার কেনার আগে ঘরের দেয়ালের রং দেখে নেওয়া জরুরি। দেয়ালের রঙের সাথে মানানসই নকশা নির্বাচন করতে হবে। ফ্রিজের আকার ও আয়তন বুঝে ওয়ালপেপার বা স্টিকার কেটে ফ্রিজে আঠা দিয়ে বসাতে হবে। খেয়াল রাখবেন, যেন তা সমতল ভাবে বসে।

ফ্রিজস্কেপিং — ফ্রিজের ভেতরও শোভা বাড়ায় বিয়ের ছবি, পুতুল, পেইন্টিং। ফ্রিজ ডেকোরেশন নিয়ে এমন আরও অনেক ধারণা দিয়েছেন সৃষ্টি আর্কিটেকচারের স্থপতি তাসনিম কবির।

স্থপতি তাসনিম কবির বলেন, তাঁরা যখন কোনো বাড়ির নকশা করেন, তখন খাবার ঘরে সেই অনুযায়ী ফ্রিজ রাখার জন্য আলাদা ক্যাবিনেট বানান। যেখানে ফ্রিজের অবস্থানকে আকর্ষণীয় করতে নানা আয়োজন করা থাকে। তবে সবটাই ক্যাবিনেট ঘিরে। যাঁদের বাসায় আলাদা করে ফ্রিজের জন্য ক্যাবিনেট বানানোর জায়গা নেই, তাঁরা ফ্রিজটিকে সুন্দর করে ডেকোরেট করতে পারেন। এই যেমন ফ্রিজের উপরে কভার ব্যবহার করতে পারেন। কভারের সাইড পকেটে নানা ধরনের জিনিস স্টোরেজ করে রাখতে পারেন। কভারের উপর রাখতে পারেন বেতের ঝুড়ি। এতে ফ্রিজটি দেখতেও বেশ সুন্দর হবে। যাঁদের বাসায় পুরোনো ফ্রিজ আছে, তাঁরা ফ্রিজটিকে নতুন দেখাতে ডোকো পেইন্ট করে থাকেন। এতে পুরোনো ফ্রিজটিই নতুন রূপ পায়। তবে এই রং খুব অল্প সময়ের জন্য থাকে বলে জানিয়েছেন এই স্থপতি।

ফ্রিজের ভেতরটাকে সাজানোর জন্য এখন বাজারে নানা ধরনের পণ্য পাওয়া যায়। নানা ধরনের ফ্রিজ অর্গানাইজারে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন শাকসবজি সহ নানা কিছু। ফ্রিজের মডেল বা আকার অনুযায়ী বাজার থেকে এগুলো কিনে নিতে পারেন। ডিম রাখার জন্য ফ্রিজে আলাদা জায়গা থাকেই। বাজারে এখন ডিম রাখার জন্যও সুন্দর সুন্দর বাক্স পাওয়া যায়। আছে ছোট ছোট জিপার ব্যাগও। যেগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ভরে ফ্রিজে সাজিয়ে রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *