• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন |

ভারতের ব্যাটিং ধস! এক দশক পর দেশে সিরিজ হারের ভয়

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ যে এতো দ্রুত ভেঙে পড়বে, তা সাম্প্রতিক কালে খুব একটা দেখা যায় না। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে তিনটি ইনিংসেই ভারতের ব্যাটসম্যানরা হুড়মুড়িয়ে ধ্বসে পড়েছে।

সর্বশেষ ধসের ফলে বেঙ্গালুরুর টেস্টের পর এবার পুনেতেও ভারত হারের শঙ্কায় রয়েছে। প্রথম ইনিংসে ভারত মাত্র ১৫৬ রানে গুটিয়ে গেছে। ১০৩ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১৯৮ রান করেছে। এখন কিউইরা ৩০১ রান এগিয়ে আছে।

পুনের স্পিন অণুকূল উইকেটে চতুর্থ ইনিংসে ৩০০ রানের বেশি তাড়া করা কঠিন। তাছাড়া আগামীকাল নিউজিল্যান্ড আরও রান যোগ করবে। আর ভারত তো তিনটি ইনিংসেই ব্যাটিংয়ে ধসে পড়েছে!

বেঙ্গালুরুর টেস্টের প্রথম ইনিংসে ভারত মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায়। যা টেস্ট ক্রিকেটে তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর, ভারতের মাটিতে নিম্নতম স্কোর এবং এশিয়ার মাটিতেও নিম্নতম স্কোর। দ্বিতীয় ইনিংসে ভারত ৪৬২ রান করে। তবে সেদিনও শেষ ৫৪ রান তুলতে রোহিত শর্মার দল সাত উইকেট হারায়। ফলে নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি ভারত।

আজ ভারত ১ উইকেটে ১৬ রান নিয়ে দিন শুরু করেছিল। সেখান থেকে ৫০ রান পর্যন্ত তারা আর কোনো উইকেট হারায়নি। তবে ১ উইকেটে ৫০ রান করা ভারত শেষ পর্যন্ত ১৫৬ রানে গুটিয়ে যায়। ভারতের ব্যাটিং ধসের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতার চেয়ে নিউজিল্যান্ডের বোলারদেরই কৃতিত্ব বেশি। শুধু স্পিনার মিচেল স্যান্টনারই সাতটি উইকেট নিয়েছেন।

যশস্বী জয়সোয়াল, রোহিত শর্মা ও পন্ত ছাড়া সবাইকেই আউট করেছেন কিউই বাঁহাতি স্পিনার। ভারতের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন রবীন্দ্র জাদেজা। গিল ও জয়সোয়াল করেছেন ৩০ রান করে। গত ম্যাচের সেঞ্চুরিয়ান সরফরাজ আহমেদের রান ১১।

বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টেও এমন উইকেটে ১০৩ রানের লিড বেশ বড়। নিউজিল্যান্ডও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করছে। যার নেতৃত্বে ছিলেন অধিনায়ক টম ল্যাথাম। সেঞ্চুরি পাননি, ৮৬ রানে আউট হয়েছেন। তার এই ইনিংসেই মূলত দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ভালো সংগ্রহ। উইল ইয়ং (২৮), টম ব্লান্ডেলদের (৩০*) ইনিংসও এই উইকেটে বেশ কার্যকরী ছিল।

এই টেস্টে ভারতের জন্য ইতিবাচকতার প্রতীক হয়ে আছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম ইনিংসে সাত উইকেট নেওয়া সুন্দর দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত চার উইকেট পেয়েছেন। ম্যাচে এখন পর্যন্ত পাওয়া এই ১১ উইকেট তার ক্যারিয়ার সেরাও।

ঘরের মাঠে এক যুগ ধরে টেস্ট সিরিজ হারেনি ভারত। ভারতের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতা সর্বশেষ দলটির নাম ইংল্যান্ড। ২০১২ সালে ভারত সফরে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই শুরু হয় দেশের মাটিতে ভারতের অজেয় যাত্রা। দ্বিতীয় ইনিংসে ভারত দুর্দান্ত কিছু না করলে সেই যাত্রায় ছেদ পড়তে পারে।

সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ২৫৯ ও ১৯৮/৫ (লাথাম ৮৬, ব্লান্ডেল ৩০; সুন্দর ৪/৫৬, অশ্বিন ১/৬৪)
ভারত ১ম ইনিংস: ১৫৬/১০ (জাদেজা ৩৮, জয়সোয়াল ৩০, গিল ৩০; স্যান্টনার ৭/৫৩, ফিলিপস ২/২৬)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *