দেশের মোটরবাইক-প্রেমীদের জন্য সুসংবাদ! হিরো বাংলাদেশ ঘোষণা করেছে দারুন এক স্পোর্টস মোটরবাইক আনার যা এক লিটার তেলে ৬৬ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ‘হিরো এক্সট্রিম ১২৫ আর’ মডেলের এই মোটরবাইকের অগ্রিম বুকিং শুরু হয়েছে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গেল বৃহস্পতিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরো বাংলাদেশের জয়েন্ট ভেঞ্চার পার্টনার এবং নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির এবং প্রধান আর্থিক কর্মকর্তা বিজয় কুমার মণ্ডল।
আবদুল মুসাব্বির বলেন, ‘১২৫ সিসি হলেও এই মোটরবাইকে চড়লে স্পোর্টস মোটরবাইকের অনুভূতি পাবেন। ভারতে বেস মডেলটি পাওয়া গেলেও বাংলাদেশের বাজারে আমরা লেগ গার্ড, ইঞ্জিন মাফলার এবং পিলিওন গ্রাবসহ বের করেছি এই মোটরবাইকটি। প্রতিদিনের চলাফেরার জন্য যেমন উপযোগী তেমনিই এর গতি এবং নকশার কারণে এই মোটরবাইকটি সবার পছন্দ হবে বলে আমি বিশ্বাস করি।’
হিরো এক্সট্রিম ১২৫ আর মডেলের এই মোটরবাইকে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস, ডিজিটাল স্পিডোমিটার এবং স্মার্ট কানেকটিভিটি। মোটরবাইকটির নকশা এবং আকর্ষণীয় হেডলাইট যেকোনো মোটরবাইকপ্রেমীর মন কেড়ে নেবে। এলইডি হেডলাইট, এলইডি উইঙ্কার এবং সিগনেচার এলইডি টেল ল্যাম্প আধুনিকতার স্পর্শ এনেছে এই মোটরবাইকে। আকর্ষণীয় হুইল কভারের কারণে মোটরবাইকটি দেখতে একেবারেই স্পোর্টস বাইকের মতো। মোটরবাইকের পেছনে রয়েছে প্রশস্ত চাকাসহ ৩৭ মিলিমিটার ডায়া ফ্রন্ট সাসপেনশন এবং সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক যা যাত্রীদের জন্য আরামদায়ক অনুভূতি দেবে।
এক্সট্রিম ১২৫ আর ছে সঙ্গে রয়েছে ২৭৬ মিলিমিটার ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং হ্যাজার্ড ল্যাম্প যা প্রতিকূল পরিস্থিতিতে চালক এবং মোটরসাইকেলের নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি সোজা রাস্তায় হ্যাজার্ড ল্যাম্পটি সিগন্যাল লাইট হিসেবেও কাজ করবে। লাল, নীল এবং কালো এই তিনটি রঙে দেশের বাজারে পাওয়া যাবে হিরো এক্সট্রিম ১২৫ আর। পাঁচ বছরের ওয়ারেন্টিসহ মোটরবাইকটির দাম পড়বে ১ লক্ষ ৭১ হাজার টাকা। আগামী ২৮ অক্টোবর থেকে এই ঠিকানায় মোটরবাইকটির অগ্রিম বুকিং দেওয়া যাবে।