ব্যান্ড ‘চিরকুট’ গত প্রায় এক দশকে বহুবার বাংলা গানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছে। এ ধারা অব্যাহত রেখে, চিরকুটের সদস্য শিল্পী শারমিন সুলতানা সুমী দ্বিতীয়বারের মতো ‘ওম্যাক্স’ (ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো) নামক আন্তর্জাতিক সংগীত সম্মেলনে অংশ নিয়েছেন।
এই সম্মেলন প্রতি বছর অক্টোবরে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয় এবং এবার এটি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে আয়োজিত হয়েছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারেরও বেশি সংগীত বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। বিশ্বের বৃহত্তর এই সংগীত উৎসবে প্রখ্যাত সংগীতজ্ঞরা একত্রিত হন এবং মতবিনিময় করেন।
এ উৎসবটি আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকসঙ্গীতসহ বিভিন্ন ধরনের সংগীতের বৃহত্তম মার্কেটপ্লেস হিসেবেও বিবেচিত হয়। আগের বছর পর্তুগালে অনুষ্ঠিত সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিলেও, এবার সুমী এই উৎসবে প্যানেলিস্ট হিসেবে যোগ দিয়েছেন। ২৫শে অক্টোবর, তিনি এই সম্মেলনে বিশেষজ্ঞ আলোচক হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন।
আলোচনা শেষে ম্যানচেস্টার থেকে সুমী বলেন, "চিরকুটের হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংগীতকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অসম্ভব সম্মানের। আমি বাংলাদেশের ব্যান্ড সংস্কৃতি এবং আমাদের ব্যান্ড বিভিন্ন দেশে কীভাবে পারফর্ম করছে তার উদাহরণও দিয়েছি। বাংলা গানের ঐতিহ্য ও দর্শনের কথাও তুলে ধরেছি। এই বছরের আয়োজনটি বিশেষ, কারণ এটি এ উৎসবের তিন দশক পূর্তি উৎসব। বিশ্ব সংগীতের এত গুণী ব্যক্তিত্বের সাথে সংযোগ স্থাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত।"
ওম্যাক্স ছাড়াও, সুমী নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড শহরের ইউনিভার্সিটি অব অ্যাগডারের আমন্ত্রণে একটি আন্তর্জাতিক সংগীত সম্মেলনে অংশ নেবেন। সেই সম্মেলনটি ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। নরওয়ে যাওয়ার আগে তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টারের ইউকে ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থীদের সাথে একটি বিশেষ সেশনে অতিথি হিসেবে যোগ দেবেন।