• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |

নিউজিল্যান্ডের ভারত–দুর্গজয়ের ৬৯ বছরের অপেক্ষার অবসান

ভারত-দুর্গের পতন: নিউজিল্যান্ড ভারতে প্রথম টেস্ট সিরিজ জয়

শুক্রবার পুনে টেস্টে ভারতকে ১১৩ রানে হারিয়ে ৬৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে নিউজিল্যান্ড। এটিই প্রথমবারের জন্য নিউজিল্যান্ড ভারত সফরে এসে টেস্ট সিরিজ জয় করেছে।

নিউজিল্যান্ডের এই জয়ের নায়ক মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া এই বামহাতি স্পিনার দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৬ উইকেট। এটিও এক নতুন রেকর্ড। টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে এক ম্যাচের দুই ইনিংসেই পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন একজন নিউজিল্যান্ড বোলার।

৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছে ২৪৫ রানে। রবিন্দ্র জাদেজা ইজাজ প্যাটেলকে ছক্কা মারতে গিয়ে লং অনে টিম সাউদির হাতে ক্যাচ দেন। এর পর থেকেই উৎসবে মেতে ওঠে নিউজিল্যান্ড শিবির।

এর আগে ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে অল আউট হয় ২৫৫ রানে। প্রথম ইনিংসে ৭ উইকেট পাওয়া ভারতীয় অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর এবার নিয়েছেন ৪টি উইকেট।

ভারতের ব্যাটিং শুরুটা ভালোই ছিল। ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা (৮) স্যান্টনারের প্রথম শিকার হন, তখন ভারতের রান ৩৪। তারপর শুভমন গিলের সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিং করে ৬২ রানের জুটি গড়েন যশস্বি জয়সোয়াল। গিল আউট হওয়ার পর স্যান্টনার যখন জয়সোয়ালকে ফিরিয়ে ম্যাচে নিজের দশম উইকেট পান, তখন ভারতের স্কোর ৩ উইকেটে ১২৭।

৬৫ বলে ৭৭ রান করা ভারতীয় ওপেনারটি মেরেছেন ৯টি চার ও ৩টি ছক্কা। ৪১ বলে ৫০ ছুঁয়ে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ডও গড়েছেন জয়সোয়াল।

এর পরের ওভারে একটি অসম্ভব সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে যান ঋষভ পন্ত। ভারত লাঞ্চের আগেই হারিয়ে ফেলে আরও ৩টি উইকেট। ফিরে যান বিরাট কোহলি, সরফরাজ খান ও ওয়াশিংটন সুন্দর। ৭ উইকেটে ১৭৮ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যাওয়া ভারত পরে ব্যবধান কমিয়েছে জাদেজার ব্যাটে। শেষ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪২ রান করেছেন এই অলরাউন্ডার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *