• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |

৭ কলেজের ছাত্ররা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দাবিতে সময়সীমা

সাত কলেজের শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আদোলনে

ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজগুলোর শিক্ষা ও প্রশাসনিক সমস্যা সমাধানে গঠিত সরকারি কমিটিকে প্রত্যাখ্যান করেছে। তারা একটি স্বাধীন পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সরকারকে আগামী তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে বলেছে। দাবি না মানলে আগামী মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে তারা।

শনিবার ঢাকা কলেজের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে সাত কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই ঘোষণা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী সজীব উদ্দিন।

সজীব উদ্দিন বলেন, "সরকার সাত কলেজের সমস্যা সমাধানের নামে যে কমিটি করেছে, সেটা আমলাতান্ত্রিক কমিটি। আমাদের সমস্যা আমলা দিয়ে সমাধান হবে না। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে সাত কলেজ নিয়ে একটি স্বাধীন বিশ্ববিদ্যালয় করা। সেজন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন জরুরি। এই কমিশনে শিক্ষাবিদ, প্রশাসক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের থাকতে হবে।"

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সাবরিনা সুলতানা। তিনি বলেন, "২০১৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কিন্তু এটা ছিল অপরিকল্পিত সিদ্ধান্ত। যে উদ্দেশ্য নিয়ে এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়েছিল, তা এখনও অর্জিত হয়নি। বরং এই সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অনেক বিশৃঙ্খলা এসেছে।"

সরকারি নিশ্চুপ্ততায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের রাজপথে নামতে হয়েছে বলে সাবরিনা সুলতানা উল্লেখ করেন। তিনি বলেন, "সরকার সাত কলেজের সমস্যা সমাধানের কথা বলছে। কিন্তু এখন আর আমরা সংস্কার চাই না। আমাদের দাবি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়।"

তিনি জানান, আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে আগামী মঙ্গলবার থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে। এছাড়াও তিন দিন সাত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় দাবিতে কর্মসূচি পালন করবে। রোববার নিজ ক্যাম্পাসে গ্রাফিতি অঙ্কন, সোমবার বিভাগভিত্তিক গণসংযোগ এবং মঙ্গলবার দুপুর ৩টায় ঢাকা কলেজ ক্যাম্পাসে সাত কলেজের শিক্ষার্থীদের সমাবেশ হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *