মাত্র প্রথম টেস্ট ইনিংসে ১৮৭ দৌড়ের পর থেকেই যশস্বী জয়সোয়ালের ব্যাট থেকে রানের ফল্গুধারা থামেনি। ২০২৩ সালে তিনটি টেস্ট ম্যাচে ২৮৮ রান করেছিলেন তিনি। চলতি ২০২৪ সালে যেন নিজেকেই ছাড়িয়ে যাওয়ার নেশায় মত্ত তিনি। এই নিয়ে রেকর্ডও গড়ে ফেললেন জয়সোয়াল।
আজ পুনে টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৭ রানের একটি ইনিংস খেলে ভেঙ্গে দিয়েছেন ৪৫ বছরের পুরোনো রেকর্ড। এক ক্যালেন্ডার বছরে ভারতীয় মাটিতে সবচেয়ে বেশি রান করার এই রেকর্ডে জয়সোয়াল পেছনে ফেলেছেন কিংবদন্তি গুণ্ডাপ্পা বিশ্বনাথকে। ১৯৭৯ সালে ভারতের মাটিতে ১৩টি ম্যাচের ১৯ ইনিংসে ১০৪৭ রান করেছিলেন বিশ্বনাথ। আর পুনে টেস্টের পর এই বছর ভারতের মাটিতে জয়সোয়ালের রান হয়েছে ১০৫৬।
ভারতকে ৩৫৯ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। ডেভিডের দেশে প্রথম ইনিংসে ৩০ রান করার সময়ে জয়সোয়ালের বছরের দেশের মাটিতে রানের সংখ্যা ছিল ৯৭৯। বিশ্বনাথকে টপকে যেতে হলে তাঁর আর প্রয়োজন ছিল মাত্র ৬৯ রান। আজ ২১তম ওভারে কিউই স্পিনার এজাজ প্যাটেলকে ব্যক্তিগত ৬৮ রানে চার মেরে রেকর্ড ভেঙে ফেললেন জয়সোয়াল। এর জন্য ৯টি টেস্টে ১৭টি ইনিংস খেলতে হয়েছে তাঁকে।
১৯৭৯ সালে বিশ্বনাথ ১০৪৭ রান করেছিলেন, যা করতে তাঁকে ১৩টি টেস্ট ম্যাচ এবং ১৯টি ইনিংস খেলতে হয়েছিল। ইনিংসের হিসাব করলে দেখা যায়, বিশ্বনাথের চেয়ে ৪টি টেস্ট কম খেলেই তাঁকে টপকে গেছেন জয়সোয়াল। আর ইনিংস ধরলে দেখা যায়, দুইটি ইনিংস কম খেলতে হয়েছে জয়সোয়ালকে।
ভারতে একটি বছরে হাজার রান করার সময় বিশ্বনাথের বয়স ছিল ৩০। সেসময় সুনীল গাভাস্কারের পর বিশ্বনাথ ছিলেন ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় তারকা। ২২ বছর বয়সি জয়সোয়ালের কেরিয়ার এখনো ঊষাকালে। তাই এই রেকর্ড তাঁর সামনে আরো নানান অর্জনের প্রতিশ্রতিই দিচ্ছে।
আর এই রানের উৎসব শুরু হয়েছিল এবছরের জানুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে। এই সিরিজের ৫টি টেস্টের ৯টি ইনিংসে জয়সোয়াল করেছেন ৭১২ রান। অর্থাৎ হাজার রানের কাছাকাছি প্রায় দুই তৃতীয়াংশ রানই করে ফেলেছেন তিনি এই সিরিজেই। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টের চারটি ইনিংসে তিনি করেছেন ১৮৯ রান। পুরো বছরে তিনি দুটি সেঞ্চুরি করেছেন, আর দুটিই ডাবল সেঞ্চুরি। চলমান নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২টি টেস্টের ৪টি ইনিংসে জয়সোয়ালের রানের সংখ্যা ১৫৫। সিরিজে এখনো একটি টেস্ট বাকি। তাই এই রেকর্ডকে কেউ কোথায় নিয়ে যান, ভবিষ্যৎ সেটাই বলে দেবে। তবে এটুকু বলা যায়, এটা ভাঙা কঠিনই হবে।
ভারতের মাটিতে এক বছরে হাজার রান করতে পেরেছেন শুধু বিশ্বনাথ আর জয়সোয়াল। দুবার অবশ্য কাছাকাছি গিয়েছিলেন বিরাট কোহলি। সেটাও টানা দুই বছরে। ২০১৬ সালে ৮টি টেস্টের ১৪টি ইনিংসে ৯৬৪ রান করার পর পরের বছর ৭টি ম্যাচের ১২টি ইনিংসে কোহলি করেছিলেন ৮৯৮ রান।