ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট থাকাকালীন বড় ভুলের কথা
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পডকাস্টার জো রোগানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তিন ঘণ্টার সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। এই সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে ট্রাম্পের হোয়াইট হাউসে কার্যকালীন ‘সবচেয়ে বড় ভুলের’ প্রসঙ্গও উঠে এসেছে।
দুই বছর আগে ট্রাম্পকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেছিলেন রোগান। এমনকি তিনি তার পডকাস্ট শো-তে ট্রাম্পকে আনতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে গত শুক্রবার এই সাক্ষাৎকারে দুজনকে বন্ধুত্বপূর্ণ মনে হয়েছে।
ট্রাম্প ও রোগান ‘আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’-এর প্রতি তাদের আগ্রহ নিয়ে কথা বলেছেন। তারা ইলন মাস্কসহ অন্যান্য সাধারণ বন্ধুদের সম্পর্কেও কথা বলেছেন।
রিপাবলিকান প্রচারাভিযান আশা করছে, এই সাক্ষাৎকার মার্কিন পুরুষ ভোটারদের ওপর ট্রাম্পের প্রভাবকে আরও শক্তিশালী করবে। কারণ, রোগানের শ্রোতাদের বেশিরভাগই পুরুষ ভোটার।
প্রেসিডেন্ট থাকাকালীন (২০১৭-২১) তাঁর ‘সবচেয়ে বড় ভুল’ কী ছিল, সেই বিষয়ে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘আমি এমন কিছু লোককে বেছে নিয়েছিলাম, যাদের বেছে না নেওয়াই আমার উচিত ছিল।’
ভুল বেছে নেওয়া লোকদের সম্পর্কে ট্রাম্প বলেছেন, তারা ছিলেন আধা-রক্ষণশীল, খারাপ মানুষ অথবা বিশ্বাসযোগ্য নয়।
এই প্রসঙ্গে ট্রাম্প তার প্রশাসনের কর্মকর্তা জন কেলির নাম উল্লেখ করেছেন। তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ছিলেন। ট্রাম্প কেলিকে উৎপীড়নকারী, দুর্বল ব্যক্তি হিসাবে বর্ণনা করেছেন।
গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে কেলি বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, তার সাবেক বস (ট্রাম্প) ফ্যাসিস্ট প্রবণতার।
সাক্ষাৎকারে ট্রাম্প তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ‘মূর্খ’ বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, এমন লোক মাঝে মাঝে দরকার হয়। তিনি নির্দিষ্ট একটি উপায়ে ভালো ছিলেন।