রংপুর রাইডার্সের নতুন কোচ মিকি আর্থার
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন এমন কোচ মিকি আর্থারকে তাদের নতুন কোচ নিয়োগ করেছে রংপুর রাইডার্স। ২৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল সুপার লিগ থেকেই রংপুরের দায়িত্ব নেবেন এই কোচ। শুধু এই টুর্নামেন্টই নয়, আগামী বিপিএলেও রংপুরের দায়িত্বে থাকবেন এই ৫৬ বছরের কোচ।
সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে ডাম্বুলা অরার প্রধান কোচ ছিলেন আর্থার। তিনি বর্তমানে ডার্বিশায়ারের ক্রিকেট পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার জাতীয় দলের প্রধান কোচ ছিলেন আর্থার।
রংপুরের পরিচালক শানিয়ান তানিম বলেছেন, "আমরা জিএসএল ও বিপিএলের জন্য মিকি আর্থারের সঙ্গে চুক্তি করেছি। এটা ১ বছরের চুক্তি। এই বছরে তিনি এই দুই টুর্নামেন্টে আমাদের দায়িত্বে থাকবেন। তিনি আমাদের দলের জন্য অসাধারণ এক সংযোজন। স্থানীয় খেলোয়াড়েরা তার কোচিং পাওয়ার জন্য রোমাঞ্চিত। জিএসএল ও বিপিএলে দল গড়ার জন্য আমরা গত ৭-৮ দিন ধরে তার সঙ্গে যোগাযোগ রেখেছি। তিনি খুবই সহযোগিতা করেছেন।"
আর্থারকে কোচ করার কারণও ব্যাখ্যা করেছেন তানিম, "আমার মনে হয় রংপুরের সংস্কৃতির জন্য তিনি যথাযথ। তিনি খুবই বন্ধুত্বপরায়ণ। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বিশেষ করে তিনি খুবই কাজের একজন হবেন। তার অভিজ্ঞতা অনেক। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো আন্তর্জাতিক দলকে তিনি কোচিং করিয়েছেন।"
এর আগেও বিপিএলে কোচিং করেছেন আর্থার। ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটসের কোচ ছিলেন তিনি।