• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন |

ন্যান্সি পেলোসির স্বামীকে হত্যার চেষ্টা: হামলাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ন্যান্সি পেলোসির স্বামীর উপর হামলা চালানোর দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া

ক্যালিফোর্নিয়া স্টেট আদালত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির হামলাকারী ডেভিড ডেপাপেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আদালতের রায়ে বলা হয়েছে, ডেপাপে প্যারোল পাওয়ার যোগ্যতা রাখবেন না। এই তথ্য জানিয়েছে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের অক্টোবরে। ডেপাপে হাতুড়ি নিয়ে সান ফ্রান্সিসকোতে পেলোসিদের বাসভবনে হামলা চালান। ৮২ বছর বয়স্ক পল পেলোসি সেই সময় বাড়িতে একাই ছিলেন। হামলার সময় তার স্ত্রী ওয়াশিংটনে ছিলেন।

হামলার পর অবস্থা গুরুতর হওয়ায় পেলোসিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা ও হাতে আঘাত হয়েছিল। পরে তার অস্ত্রোপচারও করাতে হয়।

ঘটনাস্থল থেকেই ডেপাপেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্যান্য গুরুতর অভিযোগ আনা হয়। এই হামলার জন্য ৪৪ বছর বয়স্ক ডেপাপেকে ইতিমধ্যেই ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত মে মাসে সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালত তাকে এই শাস্তি দেয়।

যাবজ্জীবন কারাদণ্ড প্রসঙ্গে সান ফ্রান্সিসকো ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তাকে গুরুতর অপহরণ ও অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার কারণে প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সান ফ্রান্সিসকো ক্রনিকল সংবাদপত্রের এক রিপোর্টে জানা যায়, ডেপাপে এখনও পর্যন্ত হামলার জন্য পেলোসি পরিবারের কাছে ক্ষমা চাননি। সাজাপ্রাপ্তের আইনজীবীরা জানিয়েছেন যে তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *