বতসোয়ানায় ক্ষমতাসীন দলের ৫৮ বছরের রাজত্ব শেষ
আফ্রিকার দেশ বতসোয়ানায় বিগত ৫৮ বছরের ক্ষমতাচ্যুত হলো শাসক দল। ১৯৬৬ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকে বতসোয়ানা ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) এই দেশের একচ্ছত্র ক্ষমতায় ছিল। কিন্তু সদ্য সম্পন্ন নির্বাচনে বিডিপির এই রাজত্ব শেষ হলো।
বর্তমান প্রেসিডেন্ট মোখেসি মাসিসির শাসনামলে বিডিপি ভোটারদের মনে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তরুণ ভোটাররা অর্থনৈতিক ও সামাজিক সংকট নিরসনে বিডিপির কাজে খুশি ছিল না।
এই সুযোগ কাজে লাগিয়েছে বিরোধী জোট আমব্রেলা ফর ডেমোক্রেটিক চেঞ্জ (ইউডিসি)। ইউডিসির প্রার্থী ৫৪ বছর বয়সী আইনজীবী দুমা বোকো এবারের নির্বাচনে বিডিপিকে তাদের শক্ত ঘাঁটি থেকে উৎখাত করে ফেললেন।
সাম্প্রতিক সংবাদে জানা গেছে, মোট ৬১টি নির্বাচনী আসনের মধ্যে ৫৫টি আসনের ফলাফল প্রকাশ হয়েছে। এর মধ্যে ৩২টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ইউডিসি। বিডিপি পেয়েছে মাত্র ৪টি আসন। নির্বাচনে আরও দুটি দল অংশ নিয়েছিল।
বতসোয়ানায় পার্লামেন্টের জয়ী সদস্যরাই রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকেন। ফলে, বোকোর নতুন প্রেসিডেন্ট হওয়ার পথ প্রশস্ত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বতসোয়ানার রাজনীতিতে এই পরিবর্তন দেশের জন্য একটি অধ্যায়ের শেষ এবং একটি নতুন অধ্যায়ের সূচনা।