ফ্লোরিডায় জিতে ট্রাম্পের ঝুলিতে পড়ল ৩০টি নির্বাচনী ভোট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের রাজ্য ফ্লোরিডায় বিজয়ী হয়েছেন।
ফ্লোরিডায় নির্বাচনী ভোটের সংখ্যা ৩০। সেই রাজ্যে জিতে ট্রাম্প ৩০টি নির্বাচনী ভোট জোগাড় করলেন।
ফ্লোরিডাকে আগে দোদুল্যমান রাজ্য বলা হত। অর্থাৎ কখনো রিপাবলিকান আর কখনো ডেমোক্র্যাটদের জয়ী হওয়ার সম্ভবনা থাকত। কিন্তু এখন ফ্লোরিডা পুরোপুরি রিপাবলিকান বা ‘লাল রাজ্য’ বলে বিবেচিত হয়।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ফ্লোরিডায় জিতেছিলেন ট্রাম্প। এবার তিনি পেয়েছেন প্রায় ৫৬ দশমিক ২ শতাংশ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ৪২ দশমিক ৯ শতাংশ ভোট।
গত মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।