নির্বাচনী প্রচারে ব্যাপক তিক্ততার পরেও মার্কিন নির্বাচনে জয়লাভের পরে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। বাইডেনের অভিনন্দন পেয়ে খুশি ট্রাম্প জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বুধবার ট্রাম্পের প্রচার শিবিরের যোগাযোগ প্রধান স্টিভেন চুং জানিয়েছেন, নির্বাচনের পরে প্রেসিডেন্ট বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন এবং বর্তমান প্রশাসন এবং আগামী প্রশাসনের মধ্যে ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে নিশ্চিত করার জন্য তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
এই বিবৃতিতে আরও বলা হয়েছে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পও বাইডেনের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন এবং খুব শীঘ্রই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। ট্রাম্প বাইডেনের ফোন কলের প্রশংসা করেছেন।
এবারের নির্বাচনে শুরুতে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন বাইডেন। তবে পরে তিনি দলীয় চাপে সরে দাঁড়ান এবং তার জায়গায় কমলা হ্যারিসকে প্রার্থী করা হয়। মঙ্গলবারের নির্বাচনে এখন পর্যন্ত ট্রাম্প ২৯৪টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন এবং কমলা হ্যারিস পেয়েছেন ২২৪টি ভোট। তবে তিনটি অঙ্গরাজ্যের ফলাফল এখনও ঘোষিত হয়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে এবং প্রেসিডেন্ট নির্বাচিত হতে কমপক্ষে ২৭০টি ভোট পাওয়া প্রয়োজন। মঙ্গলবারের ভোটের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ মূলত এই ভোটারদের নির্বাচন করেছেন এবং আগামী মাসে এই ভোটাররা আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবেন।