পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মুনাফা বেড়েছে। গতকাল বুধবার পুঁজি বাজারে তালিকাভুক্ত এই কোম্পানি তাদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য পাওয়া গেছে।
দেখা যাচ্ছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১২ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ৯ টাকা ২৪ পয়সা। অর্থাৎ শেয়ারপ্রতি আয় ৩ টাকা ৪৩ পয়সা বেড়েছে। এছাড়াও ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২৪৪ টাকা ২৩ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ দাঁড়িয়েছে ১০ টাকা ৮৫ পয়সা। অথচ গত বছর একই সময়ে এটি ছিল ৫ টাকা ৩৮ পয়সা (ঘাটতি)।
সর্বশেষে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য পদ্মা অয়েল ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৩৫ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় কোম্পানির মুনাফা বেড়েছে।
২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য পদ্মা অয়েলের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) দাঁড়িয়েছে ২৩১ টাকা ৫৬ পয়সা। এছাড়া এই হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (NOACFPS) হয়েছে ৬৩ টাকা ৮২ পয়সা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১১ জানুয়ারি সকাল ১১টায় বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। আর এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩ ডিসেম্বর।
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া আরেকটি ঘোষণায় পদ্মা অয়েল জানিয়েছে, কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। কোম্পানিটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড নাম পরিবর্তন করে ‘পদ্মা অয়েল পিএলসি’ হবে। ২০২৫ সালের ১১ জানুয়ারি তারিখে কোম্পানির বিশেষ সাধারণ সভায় (EGM) নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত অনুমোদন করা হবে।
গতকাল দিন শেষে পদ্মা অয়েলের শেয়ারের দাম ছিল ২২০ টাকা ৮০ পয়সা। দাম বেড়েছে ৭.২৪ শতাংশ। গত এক বছরে কোম্পানির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২২৯ টাকা ৯০ পয়সা।