• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন |

দুই ম্যাচ নিষেধ আলজারি জোসেফ

বিধায় নিষেধ: ক্ষুব্ধ জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা

ঘটনার দিনই শাস্তির ইঙ্গিত মিলেছিল। তারপর একদিনের মাথায় এল আনুষ্ঠানিক ঘোষণা। ম্যাচ চলাকালীন অধিনায়কের সঙ্গে বচসা করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার দায়ে আলজারি জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) বলেছে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জোসেফের আচরণ বোর্ডের পেশাদার মানদণ্ডের সঙ্গে মেলে না। ঘটনার জন্য জোসেফ দলের অধিনায়ক শাই হোপ এবং টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন।

গত বুধবার স্থানীয় সময়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় জোসেফ বারবার মাঠ থেকে বেরিয়ে যান। প্রথমবার মাঠ ছাড়েন ইনিংসের চতুর্থ ওভার শেষে। সেই ওভারটি করেছিলেন জোসেফই।

প্রথমে অধিনায়ক হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতবিরোধ হতে দেখা যায় জোসেফকে। এরপর ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করে দলের সঙ্গে উচ্ছ্বাস না করে বোলিং প্রান্তে চলে যান তিনি। একবার ওভার শেষ হলে অধিনায়কের সঙ্গে কথা না বলে মাঠ থেকে বেরিয়ে যান।

এ সময় মাঠের বাইরে থাকা কোচ ড্যারেন স্যামি তাকে বোঝানোর চেষ্টা করলেও কাজ হয়নি। ষষ্ঠ ওভারে মাঠে ফেরেন জোসেফ। এর মধ্যে পঞ্চম ওভারে ১০ জন নিয়ে ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ।

এখানেই শেষ নয়। ১২তম ওভারে তার হাতে আবার বল তুলে দেওয়া হয়। এ সময় তার বলে দুটি মিসফিল্ডিং আর ওভারথ্রোতে ইংল্যান্ড দুটি রান পায়। ফলে আবার মাঠ থেকে উঠে যান তিনি। পরে আবার ফিরে এসে আরও দুইটি অংশে বিভক্ত করে ম্যাচে তার ১০ ওভার বোলিংয়ের কোটা পূরণ করেন।

ওয়েস্ট ইন্ডিজ কোচ স্যামি ম্যাচের পর টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে জোসেফের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে বলেছেন, ‘যে সংস্কৃতি আমরা দলের মধ্যে তৈরি করতে চাই, তার সঙ্গে এটি মেলে না। আমাদের এ নিয়ে কথা বলতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড দ্রুতই জোসেফের বিষয়ে ব্যবস্থা নিয়েছে। ঘটনা পর্যালোচনা এবং দলের কোচিং স্টাফের সঙ্গে পরামর্শ করে জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে সিডব্লুআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোম্বে। তিনি বলেন, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার গুরুত্ব বিবেচনা করে আমাদের পরিষ্কার পদক্ষেপ নিতে হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, জোসেফ তার আচরণের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। ২৭ বছর বয়সী এই পেসার বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অধিনায়ক শাই হোপ, আমার সতীর্থ এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি ওয়েস্ট ইন্ডিজ ভক্তদের কাছেও। আমি বুঝতে পেরেছি, বিচক্ষণতার একটু ব্যাঘাতও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আমি হতাশার কারণ হয়েছি, আমি তার জন্য গভীর অনুশোচনা জানাচ্ছি।’

সিডব্লুআইয়ের বিবৃতিতে জোসেফের নিষেধাজ্ঞা কোন সংস্করণে কার্যকর হবে, তা স্পষ্ট করা হয়নি। ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী ম্যাচ আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে, টি-টোয়েন্টি ফরম্যাটে। সিরিজে ক্যারিবীয়রা ইংলিশদের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *