বাংলাদেশে বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে যুবলীগ নেতার গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রংপুরের কাউনিয়া সারাই ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজারে হারাগাছ স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করে থানা-পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। যুবলীগ নেতা এরশাদ আলম সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলামের ছোট ভাই।
রংপুর মহানগরের কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা এবং হামলার ঘটনায় সদর থানায় একাধিক মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এরশাদ আলমের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।