টি-টোয়েন্টি ক্রিকেটে উগান্ডাকে ছাড়িয়ে গেল ভারত
টি-টোয়েন্টি ক্রিকেটে রাজত্ব করছে ভারত। এটা সবারই জানা কথা। কিন্তু রেকর্ডের এক জায়গায় ভারতের সঙ্গে তুমুল লড়াই চলছে, আর সেটা হলো উগান্ডার ক্রিকেট দল। শতাংশের হিসেবে এই লড়াইয়ে এখন ভারতই এগিয়ে। সারা বছরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড উগান্ডারই। আর এ বছর ভারতও সেই রেকর্ডে হাত দিতে পারবে না।
এই বছর এ পর্যন্ত ভারত টি-টোয়েন্টি খেলেছে ২৩টি, যার মধ্যে তারা জিতেছে ২২টি। এর মধ্যে দুটো জয় এসেছে সুপার ওভারে। একটা ম্যাচে হেরেছে তারা, সেটা জিম্বাবুয়ের বিপক্ষে।
ফলে ২০২৪ সালে এখন পর্যন্ত ভারতের ম্যাচ জয়ের হার ৯৫.৬ শতাংশ। গত বছর উগান্ডা ৩৩টি টি-টোয়েন্টি খেলে জিতেছিল ২৯টি, যার জয়ের হার ছিল ৮৭.৯ শতাংশ। সেটা তাদের জন্য দুটো রেকর্ডই ছিল, জয়ের সংখ্যায় এবং জয়ের শতাংশের হিসেবে। এবার জয়ের সংখ্যায় ভারত উগান্ডাকে ছাড়াতে পারছে না, কারণ তারা এ বছর খেলবে আরও কম, মোট ২৬টি ম্যাচ।
গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে খেলা ২৩তম ম্যাচে ভারত তাদের ২২তম জয় পেয়েছে। এই সিরিজে তাদের আরও ৩টা ম্যাচ বাকি আছে। সেগুলো সব জিতলে ভারতের জয়ের সংখ্যা হবে ২৫। কিন্তু এরপরই সূর্যকুমার যাদবের দলের আর টি-টোয়েন্টি খেলার সুযোগ থাকবে না।
কারণ, এই সিরিজের পর ভারতের পরের টি-টোয়েন্টি ম্যাচ আগামী বছরের জানুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। ডারবানের প্রথম ম্যাচে জয় পাওয়ায় ভারত এই সিরিজের বাকি সব ম্যাচ জিতবে, এই নিশ্চয়তাও নেই। প্রতিপক্ষ যে দক্ষিণ আফ্রিকা!
২০২২ সালে ভারত টি-টোয়েন্টি জিতেছিল সবচেয়ে বেশি, মোট ২৮টি। শতাংশের হিসেবে এত জয় পাওয়ার পরেও ভারতের খুশি থাকার কারণ নেই। কারণ, সেই বছরে ভারত হেরেছিল ১২টি ম্যাচে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়তে হয় তাদের।
এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জেতার তালিকায় রয়েছে তানজানিয়া ও পাকিস্তানের নামও। ২০২২ সালে তানজানিয়া জিতেছিল ২১ ম্যাচে। তাদের অবস্থান চতুর্থ। ২০২০ সালে ২০টি টি-টোয়েন্টি জিতেছিল পাকিস্তান, তারা তালিকার পঞ্চম স্থানে।