• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন |

হাটসিংড়া খাল মুক্ত, অবৈধ দখল উচ্ছেদ অভিযান সফল

নাটোরের সিংড়া পৌরসভার হাটসিংড়া খালের অবৈধ দখল উচ্ছেদ হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

দীর্ঘ ১২ বছর দখলে থাকা হাটসিংড়া খাল এখন দখলমুক্ত। সদ্য যোগদান করা সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

সকালে ইউএনও মাজহারুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, পৌরসভার প্রধান সহকারী মো. জিল্লুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সিংড়া কেন্দ্রীয় মসজিদ চত্বরে খালের মাথায় যান। সেখান থেকে খালের উভয় পাশের অবৈধ দখল উচ্ছেদ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ খালটি দুপুর ১২টার মধ্যে দখল ও দূষণমুক্ত করা হয়। পৌরসভার বাসিন্দা কোরবান আলী বলেন, "হাটসিংড়া খাল সিংড়ার বাসিন্দাদের জন্য বড় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু গত ১২ বছরে কেউ এই সমস্যা সমাধানের চেষ্টা করেনি। নতুন ইউএনও এসে আমাদের দুঃখ দূর করতে মাঠে নেমেছেন। এতে আমরা খুশি হয়েছি।"

পৌর প্রশাসক মাজহারুল ইসলাম জানান, সিংড়ায় যোগদানের পরই তিনি এই খালের দখল ও দূষণের বিষয়ে জানতে পারেন। খাল থেকে মশা ও দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। তাই তিনি সবার আগে এই খাল পরিষ্কার করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, "খালটি পরিষ্কার করতে পেরে আমরা সফল হয়েছি। তবে এখানে আরও অনেক সমস্যা আছে। এগুলো সমাধানের জন্য এলাকার মানুষের সহযোগিতা প্রয়োজন।"


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *