• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |

পটিয়ায় গলায় ছুরি মেরে ভাতিজাকে হত্যা

পাটিয়ায় পারিবারিক বিবাদে চাচার হাতে ছুরিকাঘাতে নিহত ভাতিজা

চট্টগ্রামের পাটিয়ায় পারিবারিক বিবাদের জের ধরে চাচার হাতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ভাতিজা। নিহতের নাম মোহাম্মদ রাশেদ (২৩)। শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ উপজেলার পূর্ব হাইদগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ রাশেদ হাইদগাঁও ইউনিয়নের মৃত জামাল মিয়ার ছেলে। পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন তিনি। তার দুই বছর ও ছয় মাস বয়সী দুই সন্তান রয়েছে। ঘটনার পর থেকে তার চাচা জালাল উদ্দিন (৩৮) পলাতক রয়েছেন।

জালাল উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ নাছির উদ্দিন রাতে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জানান, তার বড় ভাই জালাল উদ্দিন চট্টগ্রাম শহরে ভাড়া বাসায় থাকেন। রাত ৯টার দিকে তিনি বাড়িতে আসেন। এ সময় ভাতিজা রাশেদের সঙ্গে তার বচসা হয়।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জালাল কোমর থেকে ছুরি বের করে রাশেদের গলায় আঘাত করেন। রাশেদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, রাশেদের বাবা ছোটবেলাতে মারা যাওয়ায় তার মা অন্যত্র বিয়ে করেন। তিনি ছোট থেকে দাদা-দাদির কাছেই বেড়ে উঠেছেন। সম্প্রতি দাদা রাজা মিয়ার সঙ্গে জমি বিক্রি নিয়ে বিবাদ চলছিল রাশেদের। বিবাদ মীমাংসার জন্য ছেলে জালালকে বাড়িতে ডেকে পাঠান রাজা মিয়া। পরে তাদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে জালাল ভাতিজা রাশেদকে ছুরিকাঘাত করেন।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লিটন চৌধুরী জানান, রোগীর গলায় ধারালো ছুরিকাঘাতের প্রায় ১০ সেন্টিমিটার ক্ষত ছিল।

এ বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হাসনাত বলেন, পলাতক জালাল উদ্দিনকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *