• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন |

নড়াইলে তেল না দেওয়ায় ম্যানেজারকে হত্যা, সব পাম্প বন্ধ

নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের পাশে তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৩) হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিটু।
তিনি বলেন, তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার (২৮ মার্চ) রাত দুইটার দিকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। নিহত নাহিদ পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে। এ সময় নাহিদের সঙ্গী চামরুল গ্রামের জিহাদ মোল্যাকেও (২৭) ট্রাকচাপায় দিয়ে পা ভেঙ্গে দেয়া হয়েছে। জিহাদকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিহাদ চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।
এদিকে, ট্রাকচালক সুজাত মোল্যা ট্রাকসহ পালিয়ে গেছে। তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ঘর তালাবন্ধ রয়েছে।
তেলপাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে তেল না পেয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ট্রাকচালক সুজাত ওই পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটের দিকে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নাহিদ মোটরসাইকেলযোগে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় পাম্প থেকে ট্রাক চালিয়ে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান।
এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী বলেন, নাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক সুজাত পলাতক রয়েছে। তবে, রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।
নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বলেন, খবর পেয়ে সরেজমিন এসেছি। অভিযুক্ত চালককে ধরতে কাজ করছে প্রশাসন। এ ছাড়া পাম্পের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *