**ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে স্ক্রিপ্টরাইটিংয়ে মাস্টার্সের সুযোগ, রয়েছে বৃত্তিও**
যুক্তরাজ্যের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার স্ক্রিপ্টরাইটিং (চিত্রনাট্য লেখা) নিয়ে একটি মাস্টার্স ডিগ্রি প্রদান করছে। এক বছরের এই কোর্সটিতে বক্তৃতা, সেমিনার, ওয়ার্কশপ এবং টিউটোরিয়ালের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বিকাশে সহায়তা করা হবে। স্নাতক প্রাপ্ত যেকোনো শিক্ষার্থী এই কোর্সের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীদের জন্য বৃত্তির ব্যবস্থাও রয়েছে।
এই কোর্সের উদ্দেশ্য শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বাড়ানো, তাদের পেশাদারিত্বের অনুশীলনকে উন্নত করা, উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করা এবং চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে যুক্তরাজ্য এবং বিশ্বজুড়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। কোর্সটি শেষ করার পরে, শিক্ষার্থীরা পেশাদার চিত্রনাট্য রচনা এবং অন্যান্য মিডিয়ায় বিভিন্ন ক্যারিয়ারের জন্য প্রস্তুত হবেন।
**যোগ্যতা:**
* মানবিক বিষয়ের যেকোনো বিদ্যায় দ্বিতীয় শ্রেণির অনার্স ডিগ্রি বা সমমানের ডিগ্রি।
* ইংরেজি ভাষার দক্ষতা। এর জন্য আইইএলটিএসে রাইটিং বিভাগে ৭ এবং সামগ্রিক স্কোর ৭ বা টোয়েফলে রাইটিং বিভাগে কমপক্ষে ২৫ এবং সামগ্রিক স্কোর ১০০+ প্রয়োজন।
২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে স্ক্রিনরাইটিংয়ে এমএ কোর্সের ক্লাস শুরু হবে। যুক্তরাজ্যের শিক্ষার্থীদের জন্য প্রতি বছরের টিউশন ফি ১৩,৫০০ পাউন্ড এবং ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ২৭,৫০০ পাউন্ড।
**বৃত্তি:**
এই কোর্সে বৃত্তির সুযোগ রয়েছে। ম্যানচেস্টার অ্যালুমনাই বার্সারি বৃত্তি দেয়। স্নাতক শেষ তিন বছরে প্রথম শ্রেণি পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এই বৃত্তিতে প্রতিটি শিক্ষার্থীকে ৩,০০০ পাউন্ড দেওয়া হয়। কিছু ক্ষেত্রে টিউশন ফি কমানোর সুযোগও রয়েছে।