• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন |

মেসির শেষ বিশ্বকাপ জয়ের সুযোগ

লিওনেল মেসির আরেকটি বিশ্বকাপ জেতার সুযোগ

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে তিনটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ২০২২ সালে তিনি কাতার বিশ্বকাপ জিতে তার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করেছেন। এবার মেসির সামনে আছে আরেকটি বিশ্বকাপ জেতার সুযোগ। কারণ তার দল ইন্টার মায়ামি আগামী বছরের ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ ঘোষণা দিয়েছেন।

ইন্টার মায়ামির জন্য আজকের দিনটি একাধিক কারণে স্মরণীয় থাকবে। এই দল শেজ স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল। কিন্তু তারপর বদলি হিসেবে নামা মেসি হ্যাটট্রিক করে দলকে ৬-২ গোলে জেতান। গোল উৎসবের দিনেই মেজর লিগ সকারের (এমএলএস) এক মৌসুমে প্লে-অফের আগে রেকর্ড সংখ্যক পয়েন্ট অর্জন করেছে ইন্টার মায়ামি। আর ম্যাচ শেষে তারা ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুখবর পায়।

৩২ দল নিয়ে আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। এই আসরের উদ্বোধনী ম্যাচ হবে মায়ামি শহরের আরেকটি মাঠ হার্ড রক স্টেডিয়ামে। আর ফাইনাল খেলা হবে ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালও হয়েছিল হার্ড রক স্টেডিয়ামেই। সেখানে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার শিরোপা ধরে রেখেছিল মেসির আর্জেন্টিনা।

মেসি-সুয়ারেজদের খেলা আজ স্টেডিয়ামে দর্শক হয়ে উপভোগ করেন ফিফা সভাপতি ইনফান্তিনো। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন, “আপনাদের তিনটি বিষয় জানানোর আছে। প্রথমত, সাপোর্টার্স শিল্ড জয়ের জন্য অভিনন্দন। দ্বিতীয়ত, আপনারা ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছেন। আর শেষত, আপনাদের হার্ড রক স্টেডিয়ামেই ৬৫ হাজার দর্শকের সামনে আসন্ন টুর্নামেন্টের (ক্লাব বিশ্বকাপ) উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।”

এসময় ইনফান্তিনোর পাশেই ছিলেন মায়ামির তিনজন মালিক ডেভিড বেকহাম, হোসে মাস ও হোর্হে মাস। পরে ফিফাও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাব বিশ্বকাপে মায়ামির জায়গা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

এই সুযোগটি মেসিকে এমন একটি বিশ্বকাপ জেতার সুযোগ এনে দিয়েছে যা তিনি এর আগে কখনও জিতেননি। তবে মেসির লক্ষ্য এখন উপভোগ করা এবং সুস্থ থাকা।

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চল (কনক্যাকাফ) থেকে চারটি দল অংশ নেবে। আগের চার মৌসুমের পারফরম্যান্স বিবেচনা করে যুক্তরাষ্ট্রের ক্লাব সিয়াটল সাউন্ডার্স এবং মেক্সিকোর তিনটি ক্লাব লিওন, পাচুয়া ও মোন্তেররেই এই চারটি জায়গা নিশ্চিত করেছে। আর ইন্টার মায়ামি স্বাগতিক দেশ (যুক্তরাষ্ট্র) এর লিগের সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করে সাপোর্টার্স শিল্ড জিতেছে এবং সেভাবে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

এখন পর্যন্ত ৩১টি দলের ক্লাব বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। আরও একটি স্থান নিশ্চিত হবে দক্ষিণ আমেরিকান অঞ্চল (কনমেবল) থেকে। আগামী ৩০ নভেম্বর কোপা লিবার্তাদোরেসের চ্যাম্পিয়নরা শেষ দল হিসেবে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *