• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |

ফুটবলের তারকা থেকে টেনিসের কোর্টে চ্যালেঞ্জে

ফুটবল বিশ্বকাপের তারকা ফোরলান, পেশাদার টেনিস খেলতে প্রস্তুত

ডিয়েগো ফোরলান একজন কিংবদন্তী ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি এখন টেনিস খেলবেন!

এর আগে সারা বিশ্বে তিনি উরুগুয়ের ফুটবল তারকা হিসেবে পরিচিত ছিলেন। ২০১০ সালের বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। সেই টুর্নামেন্টে তিনি সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ভাগ করে নিয়েছিলেন। এছাড়াও, তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে ইউরোপা লিগ জিতেছেন। জাতীয় দলের জার্সিতে তিনি কোপা আমেরিকাও জিতেছেন।

এমন একজন ফুটবলারের পরিচয় যখন এভাবে শুরু হয়, "উরুগুয়ের পেশাদার টেনিস খেলোয়াড়…" তখন অবাক হওয়াটাই স্বাভাবিক।

ফোরলানের টেনিসের সাথে প্রথম পরিচয় ছোটবেলায়। গত বছর, ৪৫ বছর বয়সে তিনি আবার টেনিস খেলতে শুরু করেন। এরপর থেকে অনেকদূর এসেছেন তিনি। এখন তিনি পেশাদার টেনিস টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত।

আগামী মাসে শুরু হওয়া উরুগুয়ে ওপেন দিয়ে এটিপি চ্যালেঞ্জার্স টেনিসে অভিষেক হবে ফোরলানের। তিনি দ্বৈত ইভেন্টে আর্জেন্টিনার ফেদেরিকো কোরিয়ার সাথে খেলবেন।

উরুগুয়ে ওপেন এটিপি চ্যালেঞ্জার ট্যুরের আওতাভুক্ত, যা টেনিস প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ স্তর। এই টুর্নামেন্ট শুরু হবে ১১ নভেম্বর এবং শেষ হবে ১৭ নভেম্বর।

উরুগুয়ে ওপেন টুর্নামেন্টের পরিচালক ডিয়েগো লোপেজ জানিয়েছেন, ফোরলানকে খেলার জন্য আমন্ত্রণ করা হয়েছিল এবং তিনি প্রস্তাবটি গ্রহণ করেছেন।

লোপেজ তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বলেছেন, "সে খেলতে চায়, এটা আমি নিশ্চিত। অনেকদিন ধরে সে প্রস্তুতি নিচ্ছে। অনেক টেনিস অনুশীলন করছে। আমার মনে হয়, এই সুযোগ তার প্রাপ্য এবং তাতে পারস্পরিক সন্তুষ্টি থাকবে। অবশ্যই আমি আমাদের প্রিয় ডিয়েগো ফোরলানের কথা বলছি।"

ফোরলান ২০১৯ সালে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। গত জুন মাসে তিনি স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে তার টেনিস প্রেমের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, "আমার বাবা ফুটবল খেলতেন। অবসর নেওয়ার পর ৪১ বছর বয়সে তিনি টেনিস খেলা শুরু করেন। আমি দুই বছর বয়সে (টেনিস) শুরু করেছি। পরে আমি ফুটবলে দীক্ষা নিই।"


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *