শ্রেয়া গান করলেন, উঠল স্লোগান ‘আমরা চাই বিচার’
গতকাল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে শ্রেয়া ঘোষালের কনসার্টে শেষের গানে ‘মেরে ঢোলনা’ গাইলেন না তিনি। এর বদলে করলেন জুলাই মাসে এক তরুণীকে ‘আর জি কর’ করার ঘটনার প্রতিবাদ।
গান গাওয়ার আগে তিনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, "আমি একটা কিছু লিখেছি। একটা গান। আমি চাই আপনারা শুনুন। আমার একটা ছোট অনুরোধ, গানটা শেষ হলে আপনারা কেউ হাততালি দেবেন না। শুধু শুনুন। যদি প্রয়োজন হয় তাহলে গানটা আবার বাজবে, কিন্তু হাততালি নয়। আমার অন্তরের কিছু শব্দ দিয়ে এই গান বানিয়েছি। আর আমি এটা এই শহর এবং সবাইকে উৎসর্গ করলাম।"
তারপর শ্রেয়া ঘোষাল গেয়ে ওঠেন, "যত সন্ধ্যার যাওয়া মানা, যত রাত্রির অভিসন্ধি" গানটি। শিল্পীর প্রতিবাদ একদম অন্যধরণের, সেটাও স্পষ্ট করে দিলেন তিনি। গান শেষে নিরবে মঞ্চ ছেড়ে চলে যান শ্রেয়া ঘোষাল। কিন্তু হাততালির বদলে শ্রোতারা স্লোগান দিতে শুরু করেন, "আমরা চাই বিচার, আমরা চাই বিচার!"
শ্রেয়ার এই পারফরম্যান্স ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ভিডিও শেয়ার করে শোভন মণ্ডল লিখেছেন, "এমন প্রতিবাদের নজির আগে কখনো দেখেনি শহর কলকাতা।" আরেকজন সন্দীপ দাশ লিখেছেন, "কলকাতায় প্রতিবাদের সুর তীব্রতর হতে দেখলাম আজ। জয় হোক শ্রেয়া আর শ্রেয়ার সুরসাধনা।"
গত ৯ অগস্ট থেকে চলছে আর জি কর-কাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। অব্যাহত আছে অনশনও। গত শুক্রবার নির্যাতিতার বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত রিলে মিছিল হয়েছে। প্রতীকী অনশনে বসেন টলিউডের তারকারাও। সেই আন্দোলনের প্রতিফলনই দেখা গেল শ্রেয়ার কনসার্টে।
মুখ খুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "শ্রেয়ার গান যথাযথ। যারা এ নিয়ে রাজনীতি শুরু করেছেন তাদের মনে রাখা উচিত, শ্রেয়া শুরু থেকেই বলেছেন নারী নির্যাতনের সমস্যা গোটা দেশের সমাজের। তিনি বাঙালি, তিনি কলকাতায় গেয়েছেন, এটা ঠিক সিদ্ধান্ত। শিল্পী তার মনোভাব আগেই জানিয়েছেন। নিজেদের স্বার্থতন্ত্রের জন্য রাজনীতির লাইনে তাকে ব্যবহার করবেন না। এখানে গণতন্ত্র আছে, শিল্পী গান গাইতে পারেন। অন্য রাজ্যে সেটা নেই।"