• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |

সাবিনাদের সেমিতে ভুটান

বাংলাদেশের মেয়েরা আবারও সেমিফাইনালে ভুটানের মুখোমুখি

নেপাল না ভুটান, কে হবে বাংলাদেশের মেয়েদের প্রতিদ্বন্দ্বী সাফ নারী চ্যাম্পিয়নশিপের শেষ চারে? এ প্রশ্নের উত্তর পাওয়া গেল শনিবার। গতবারের মতো এবারও সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা এখনও কখনও হারেনি। ‘বি’ গ্রুপে গোলপার্থক্যে নেপালের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভুটান।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। দিনের প্রথম ম্যাচে ভুটান ১৩-০ গোলে মালদ্বীপকে হারানোর পরে গ্রুপ সেরা হতে নেপালকে প্রয়োজন ছিল ৬ গোলের ব্যবধানে জয়। শ্রীলঙ্কাকে ৬-০ গোলে হারিয়ে সেই সমীকরণ মেলায় স্বাগতিক নেপাল। নেপালের মেয়েরা সিক্সথ গোলটি করে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে।

প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়েছিল নেপাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধানটা বাড়ায় তারা ৫-০। এরপরে প্রায় সবাই রক্ষণাত্মক হয়ে গিয়ে নেপালকে হতাশ করার চেষ্টা করে ষষ্ঠ গোলটি করতে দিচ্ছিল না শ্রীলঙ্কারা। অবশেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শ্রীলঙ্কার প্রতিরোধ ভাঙে। রেশমি কুমারী ঘিসিংয়ের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নেপাল।

এ ম্যাচ শেষে নেপাল-ভুটান দু’দলেরই পয়েন্ট হয় ৭। মুখোমুখি লড়াইয়ের ম্যাচটি ড্র হওয়ায় দু’দলকে আলাদা করতে দেখা হয় গ্রুপ পর্বের গোলপার্থক্য। ভুটানের (+১৬) চেয়ে ১ গোলে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন নেপাল। দুই দলই তিন ম্যাচে করেছে ১৭টি করে গোল। নেপাল কোনও গোল খায়নি, ভুটান খেয়েছে ১টি। পার্থক্য গড়ল সেটিই।

আগামী ২৭ অক্টোবর প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই দিনে অন্য সেমিফাইনালে নেপালের প্রতিপক্ষ ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *