এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাকাওকে ৭-০ গোলে হারাল বাংলাদেশের কিশোররা।
নমপেনের জাতীয় স্টেডিয়ামে শনিবারের এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল হ্যাটট্রিক করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬ গোল করে বাংলাদেশের কিশোররা।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছিল তারা।
শনিবারের ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৪০তম মিনিটে প্রথম গোলটি করেন ফয়সাল।
দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে ম্যাকাওকে একেবারে উড়িয়ে দেয় বাংলাদেশ। ৬৬তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মোহাম্মদ মানিক। ৭১তম মিনিটে তৃতীয় গোলটি করেন রিফাত কাজী। এরপর ৭৪তম মিনিটে মানিক আবারও গোল করেন বাংলাদেশকে ৪-০ গোলে এগিয়ে দেন। এর এক মিনিট পরই ফয়সাল নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন।
৮১তম মিনিটে ফয়সাল হ্যাটট্রিক পূরণ করেন। ৮৩তম মিনিটে নিজের চতুর্থ ও দলের সপ্তম গোলটি করেন এই অধিনায়ক।
গ্রুপের শেষ ম্যাচে ২৭ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের কিশোররা।