ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে
এবার আবারো ফিরছে ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের টুর্নামেন্টে অংশ নেবে ৪০টি দল। এদের মধ্যে ঢাকা অঞ্চল থেকে রয়েছে ২৪টি, চট্টগ্রাম অঞ্চল থেকে ৮টি, খুলনা অঞ্চল থেকে ৪টি এবং রাজশাহী অঞ্চল থেকে ৪টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দল। নকআউট পদ্ধতিতে খেলা হবে এ টুর্নামেন্টটিতে। দেশের চারটি অঞ্চলকে আটটি গ্রুপে ভাগ করে প্রথমে হবে আঞ্চলিক বাছাইপর্ব। বাছাইপর্বে প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে মূল পর্ব। এবারের টুর্নামেন্টের প্রচার সহযোগী এটিএন বাংলা।
ইস্পাহানি-প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর আয়োজন উপলক্ষে ঢাকায় প্রথম আলোর কার্যালয়ে আজ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অধিনায়কেরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্ট সম্পর্কিত নানা বিষয় নিয়ে শিক্ষক প্রতিনিধি ও অধিনায়কদের প্রশ্নের উত্তর দিয়েছেন টুর্নামেন্টের পরিচালনা ও প্রযুক্তিগত কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। তিনি এসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) হেড অব রেফারিজ ও সাবেক ফিফা রেফারি আজাদ রহমানকে সঙ্গে নিয়েছিলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র; ডিজিটাল ট্রান্সফরমেশন, যুব কার্যক্রম ও ইভেন্টসের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল। সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধার সঙ্গে খেলাধুলার চর্চার গুরুত্ব তুলে ধরেছেন। তাঁরা বলেছেন, এতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে আরও বিকশিত হয়ে দক্ষ ও পরিশ্রমী হিসেবে গড়ে উঠবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়ানো উচিত বলেও মন্তব্য করেছেন বক্তারা।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৪০টি দলের মধ্যে আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চলের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, আহসানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরা ইউনিভার্সিটি ও চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি; আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও অধিনায়কেরা।
গত বছর ঢাকা অঞ্চলের ২১টি, চট্টগ্রাম অঞ্চলের ৮টি এবং কুমিল্লা অঞ্চলের ৩টি- মোট ৩২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এ টুর্নামেন্টটি।