প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে অ্যাপ নিয়ে আসছে অ্যাপল
রক্তে গ্লুকোজের পরিমাণ যখন স্বাভাবিকের চেয়ে বেশি থাকে কিন্তু ডায়াবেটিসের নির্দিষ্ট মাত্রার চেয়ে কম থাকে, তখন তাকে প্রি-ডায়াবেটিস বা বর্ডার লাইন ডায়াবেটিস বলা হয়। প্রি-ডায়াবেটিসে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে, যা টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে এই অবস্থার উন্নতি সম্ভব।
আইফোন ব্যবহারকারীদের ডায়াবেটিস রোগ থেকে সুরক্ষিত রাখতে, অ্যাপল একটি অ্যাপ নিয়ে আসছে। এই অ্যাপ রক্তে শর্করা নিয়ন্ত্রণের কলাকৌশল শেখাবে এবং খাবারের ক্যালরির পরিমাণ পরিমাপে সহায়তা করবে।
অ্যাপল দীর্ঘদিন ধরে রক্তে শর্করা বা গ্লুকোজ পরিমাপের প্রযুক্তির ওপর কাজ করছে বলে শোনা যাচ্ছে। এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা না গেলেও, ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে অ্যাপল প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য একটি অ্যাপ তৈরি করছে। এই অ্যাপ যেকোনো ব্যক্তির রক্তে থাকা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন তথ্য সরবরাহ করবে। বর্তমানে কয়েকজন অ্যাপল কর্মীর ওপর এই অ্যাপের কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
অ্যাপলের এই অ্যাপের মূল উদ্দেশ্য হল, মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি বা হ্রাসের সম্পর্ক পর্যবেক্ষণে সহায়তা করা। যেমন, বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার রক্তে শর্করা বাড়ায়, আবার এই খাবারগুলোর সঙ্গে কিছুটা প্রোটিন যোগ করলে শর্করা কিছুটা নিয়ন্ত্রণে থাকে।
প্রি-ডায়াবেটিসসহ অন্যদের জন্য বাজারে মেটাবলিক স্বাস্থ্য ট্র্যাকিং ডিভাইসের চাহিদা বাড়ছে। সম্প্রতি ডেক্সকম এবং অ্যাবট নামের প্রতিষ্ঠানগুলো ইনসুলিনের ওপর নির্ভরশীল নন এমন ব্যক্তিদের জন্য বিশেষ গ্লুকোজ মনিটরিং সিস্টেম নিয়ে এসেছে। অন্যদিকে, নিউট্রিসেন্স এবং লেভেলসের মতো স্টার্টআপগুলো তাদের গ্রাহকদের ওজন নিয়ন্ত্রণ, খেলাধুলা বা খাদ্যাভ্যাসের প্রভাব বোঝার জন্য গ্লুকোজ মনিটরের ব্যবহারের ওপর কাজ করছে। এই প্রবণতাগুলোর সঙ্গে তাল মিলিয়ে, অ্যাপলও রক্তে শর্করা মাপার একটি অ্যাপ নিয়ে আসার জন্য কাজ করছে।